গঙ্গা ও পদ্মার পানিপ্রবাহ পরিমাপ, পর্যবেক্ষণ ও তথ্য বিনিময়ে আজ ঢাকায় বৈঠকে বসছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন (জেআরসি)। তবে আগামী ১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে চললেও চুক্তি নবায়ন বা নতুন চুক্তির বিষয়টি এবারের বৈঠকের আলোচ্যসূচিতে রাখা হয়নি। ভবিষ্যতে চুক্তি নবায়ন করা হলে বাংলাদেশের পানির প্রাপ্যতা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ যুক্ত করার ওপর গুরুত্ব দিচ্ছে ঢাকা।
রোববার (২২ নভেম্বর) ঢাকায় দুই দেশের যৌথ নদী কমিশনের কারিগরি পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত বৈঠক চলার কথা রয়েছে। এতে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মার পানিপ্রবাহ পরিমাপ, পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত বিনিময় করবেন। বৈঠকের অংশ হিসেবে পাবনার হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় গঙ্গার পানিপ্রবাহ পর্যবেক্ষণ ও পরিমাপ করার কথা রয়েছে।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হচ্ছে। এর আগে ১৯৭৭ সালে দুই দেশের মধ্যে প্রথম গঙ্গা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তিতে শুকনো মৌসুমে বাংলাদেশকে নির্দিষ্ট পরিমাণ পানি দেওয়ার নিশ্চয়তাসংক্রান্ত বিধান ছিল।
১৯৯৬ সালের চুক্তি অনুযায়ী, শুকনো মৌসুমে ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত প্রতি ১০ দিন অন্তর দুই দেশের ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার বিধান রয়েছে। তবে উজানে পানি প্রত্যাহার ও গঙ্গার ওপর বিভিন্ন বাঁধ এবং জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কারণে শুকনো মৌসুমে বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে পদ্মার পানিপ্রবাহ কমে যায়। সংশ্লিষ্ট প্রতিবেদনে গঙ্গার ওপর ভারতের নির্মিত ২৯টি বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাবের কথা উল্লেখ করা হয়েছে।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক দূরত্ব নতুন চুক্তি বা বিদ্যমান চুক্তি নবায়নের আলোচনায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আশরাফ দেওয়ান মনে করেন, আগামী দুই বছরেও চুক্তি না হলে এর প্রভাব বাংলাদেশের ওপরই বেশি পড়বে। পানির প্রবাহ না থাকলে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগও কার্যকর হবে না বলে মন্তব্য করেন তিনি। দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে সরকারকে আলোচনায় এগিয়ে আসা এবং সমাধানের পথ খোঁজার পরামর্শ দেন এ বিশেষজ্ঞ।
যৌথ নদী কমিশনের সদস্য আনোয়ার কাদির জানান, গঙ্গা পানি বণ্টনসংক্রান্ত নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়। গত রোববার তৃতীয় বৈঠকটি হয়েছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন নিয়ে কোনো অগ্রগতি হবে কি না, জানতে চাইলে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।
এর আগে গত ২২ মে ভারতের কলকাতায় গঙ্গার পানি বণ্টনসংক্রান্ত তথ্য আদান-প্রদানের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ১৯৯৬ সালের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ঢাকায় আজকের বৈঠকটি এ পর্যায়ের শেষ বৈঠক।











