spot_img
spot_img

জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের

জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এসব হামলাকে পরিকল্পিত উল্লেখ করে জুলাইয়ের নেতৃত্ব, শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব দাবি জানান নাহিদ ইসলাম।

সরকারের ব্যর্থতার সমালোচনা করে তিনি লেখেন, জুলাইয়ের নেতৃত্বের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটলেও সরকার এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। সরকারের এমন দায়িত্বহীনতা ও নির্লিপ্ততা সন্ত্রাসীদের আরও বেপরোয়া করে তুলছে।

জনগণের কাছে চূড়ান্তভাবে ধিকৃত ও পরাজিত হওয়ার গ্লানি থেকে এখনো বের হতে পারেনি পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী উল্লেখ করে পোস্টে তিনি বলেন, গত কয়েক দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম, মাহিন সরকার ও খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এর আগে আরেক সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর সরাসরি চাপাতি দিয়ে হামলা চালিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা।

একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক মুসাদ্দিক ইবনে আলী মুহাম্মদের গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জুলাইয়ের নেতৃত্বের ওপর ধারাবাহিক এসব হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এসব হামলার সঙ্গে জড়িত প্রত্যেক সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে চোরাগোপ্তা হামলা প্রতিরোধ এবং জুলাইয়ের নেতৃত্ব, শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ