spot_img
spot_img

প্রধানমন্ত্রীর কাছে আ. লীগ ও ভারত ইস্যু মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা চেয়েছি: নাহিদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো ভবিষ্যতে কীভাবে মোকাবিলা করা হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দীর্ঘমেয়াদি রূপরেখা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, সরকারপ্রধান জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। এই ঐক্য কীভাবে আরও সুদৃঢ় করা যায় এবং জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে অংশ নেওয়া সব শক্তিকে এক জায়গায় এনে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে একটি ভিত্তি ও রোডম্যাপ প্রস্তুত করা প্রয়োজন বলে তারা জানিয়েছেন।

তিনি বলেন, এই ঐক্য শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে চলবে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো ভবিষ্যতেও মোকাবিলা করতে হবে। এ জন্য দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রয়োজন।

বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, সমসাময়িক রাজনীতি ও বিভিন্ন সংকট নিয়েও আলোচনা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, কিছুদিন ধরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে এবং জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তার জায়গা থেকে বর্তমান উদ্বেগগুলো তুলে ধরে ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত-আট মাস ধরে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়ায় আপসকামিতা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো আরও স্পষ্ট না করার ফলে আজকের পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি বলেন, যেকোনো ধরনের ঐক্যের ক্ষেত্রে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। ঐক্যপ্রক্রিয়ায় সংস্কারকে এজেন্ডাভুক্ত করার আহ্বান ও সুপারিশ জানিয়েছেন তারা।

এ ছাড়া সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টরা বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন।

বিচার প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়াতে হবে। জেলা পর্যায়সহ বিভিন্ন জায়গায় হওয়া মামলাগুলোর তদন্ত, অভিযোগপত্র দাখিলসহ আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে, যাতে জুলাই গণঅভ্যুত্থানের ভুক্তভোগীরা ন্যায়বিচার পান।

বৈঠকে এনসিপির পক্ষে প্রতিনিধিদলে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন। আলোচনা ও মধ্যাহ্নভোজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির নেতাদের প্রায় ৩৫ মিনিট আলোচনা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ