দখলদার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় গাজ্জার ৯৯ শতাংশের বেশি এলাকায় সম্ভাব্য পরিবেশগত দূষণের আলামত পাওয়া গেছে। বাতাস, মাটি ও পানিতে ছড়িয়ে পড়া বিষাক্ত পদার্থের কারণে প্রজন্মের পর প্রজন্ম জনস্বাস্থ্য হুমকির মুখে পড়তে পারে।
সোমবার (২৩ নভেম্বর) অক্সফাম ও কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরি (সিইওবিএস) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার ইসরাইলের হামলার ব্যাপকতা ও তীব্রতায় গাজ্জার প্রায় ৭৮ শতাংশ ভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে পুরো ভূখণ্ডের ৯৯ শতাংশের বেশি এলাকায় সম্ভাব্য পরিবেশগত দূষণের আলামত শনাক্ত করা হয়েছে।
স্যাটেলাইট চিত্র, রিমোট সেন্সিং, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও উন্মুক্ত তথ্য ব্যবহার করে তৈরি প্রতিবেদনে ভারী ধাতু, বিস্ফোরকের অবশিষ্টাংশ, ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে ছড়িয়ে পড়া অ্যাসবেস্টস, ডাইঅক্সিন ও জৈব দূষণকারী পদার্থের ব্যাপক ঝুঁকি শনাক্ত করা হয়েছে।
প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, এসব দূষণ গাজ্জার মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য পরিবেশগত ব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছে। বাতাস, খাবার, পানি এবং দূষিত মাটি ও ধ্বংসস্তূপের সরাসরি সংস্পর্শের মাধ্যমে মানুষ এসব বিষাক্ত পদার্থের শিকার হচ্ছে।
অক্সফাম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক অমিতাভ বেহার বলেন, গাজ্জার পরিবেশ ধ্বংসের ফলে মানুষের নিরাপত্তা ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পরিস্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, গাজ্জায় বসবাসরত ফিলিস্তিনিরা বিভিন্নভাবে বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসছেন। বাতাস, খাবার, পানি এবং দূষিত মাটি ও ধ্বংসস্তূপের সরাসরি সংস্পর্শের মাধ্যমে তারা এসব বিষের শিকার হচ্ছেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা, দূষণমুক্তকরণ ও পরিবেশ পুনরুদ্ধারের কার্যক্রমকে অগ্রাধিকার না দেওয়া হলে এসব ঝুঁকি আগামী প্রজন্মের পর প্রজন্ম ধরে অব্যাহত থাকবে।
প্রতিবেদনে সম্ভাব্য দূষণের সর্বোচ্চ মাত্রা গাজ্জা সিটি, খান ইউনুস, রাফাহ, জাবালিয়া এবং সালাহ আল-দীন সড়কের আশপাশে কেন্দ্রীভূত বলে উল্লেখ করা হয়েছে। এসব এলাকায় ব্যাপক বোমাবর্ষণ, ধ্বংসযজ্ঞ এবং দূষণের একাধিক উৎসের সম্মিলিত প্রভাব প্রতিফলিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাইয়ে গাজ্জাজুড়ে পরীক্ষার জন্য নেওয়া ৭৯টি ভূগর্ভস্থ পানির কূপের মধ্যে ১৯ শতাংশে ফিকাল কলিফর্ম ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে। ২০২১ সালে দূষিত হিসেবে চিহ্নিত ভূগর্ভস্থ পানির কূপের হার ছিল ২ শতাংশ।
বেইত হানুন, ওয়াদি গাজ্জা ও খান ইউনুসের উত্তর-পূর্বাঞ্চলে দীর্ঘমেয়াদি মাটি দূষণের ঝুঁকি বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব এলাকার মাটিতে কাদামাটির পরিমাণ বেশি হওয়ায় দূষণকারী পদার্থ দীর্ঘ সময় আটকে থাকার আশঙ্কা রয়েছে। এতে কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
গাজ্জা সিটি, জাবালিয়া ও উত্তর গাজ্জা গভর্নরেটকে বায়ুদূষণের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। বোমাবর্ষণ ও ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে ছড়িয়ে পড়া দূষিত ধুলো বাতাস, যানবাহনের চলাচল এবং ধ্বংসস্তূপ অপসারণের মাধ্যমে এসব এলাকায় ছড়িয়ে পড়ছে।
এ ছাড়া উত্তর গাজ্জা, গাজ্জা সিটি ও দেইর আল-বালাহ এলাকায় পানীয় জল দূষণের ঝুঁকি বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পানির অবকাঠামো, ভূগর্ভস্থ পানির দূষণের ঝুঁকি, ধ্বংসস্তূপ জমে থাকা এবং পয়োনিষ্কাশন ব্যবস্থার উপচে পড়া পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।
প্রতিবেদনে আরও সতর্ক করা হয়েছে, ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে ছড়িয়ে পড়া ধুলো এবং বর্জ্য পোড়ানোর ফলে সৃষ্ট দূষণ শ্বাসতন্ত্রে জ্বালা সৃষ্টি করতে পারে, হাঁপানি বাড়িয়ে দিতে পারে এবং ফুসফুসের ক্ষতি করতে পারে। দীর্ঘ সময় এসব দূষণের সংস্পর্শে থাকার ক্ষেত্রে শিশুরা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।
অমিতাভ বলেন, গাজ্জার ঘনবসতিপূর্ণ পরিস্থিতি এবং দূষণের সংস্পর্শ থেকে বেরিয়ে আসার সীমিত সুযোগের কারণে দূষণের ব্যাপকতা বিশেষভাবে উদ্বেগজনক।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজ্জায় দখলদার ইসরাইল গণহত্যা চালিয়ে আসছে। এতে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজারের বেশি আহত হয়েছেন। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া গাজ্জার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস করে দিয়েছে দখলদার ইসরাইল।
সূত্র : আনাদুলু অ্যাজেন্সি











