spot_img
spot_img

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের আনুষ্ঠানিক অবস্থান নেই: ইইউ রাষ্ট্রদূত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির রাষ্ট্রদূত মাইকেল মিলার। তবে ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে তিনি অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি, ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে প্রশ্ন করা হলে মাইকেল মিলার বলেন, এ বিষয়ে ইইউর কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই। তিনি যা বলবেন, তা তার ব্যক্তিগত পর্যবেক্ষণ।

তিনি বলেন, ‘আমরা চাই, একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ। স্থিতিশীলতার অর্থ হলো ন্যায়বিচার, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করা ও আইনের শাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখানো। আর এর মানে হচ্ছে সংঘাত ত্যাগ করে জনশৃঙ্খলা ও জননিরাপত্তার প্রতি শ্রদ্ধা জানানো।’

বিগত শাসনকালে বাংলাদেশের নাগরিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে আস্থার জায়গাটি ফাঁকা করে ফেলা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের বিশ্বাস ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ইইউ রাষ্ট্রদূত বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত ও সমাবেশের স্বাধীনতা থাকবে। তবে এর একটি সীমা রয়েছে। কোনো সংগঠন বা ব্যক্তি বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত হলে, জনশৃঙ্খলা বিনষ্ট করলে কিংবা সংঘাত ও ঘৃণা উসকে দিলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মতপ্রকাশের স্বাধীনতা মানে সংঘাতের লাইসেন্স নয়।

তিনি আরও বলেন, রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়। ইউরোপের ইতিহাসেও রাজনৈতিক রূপান্তরের কঠিন অভিজ্ঞতা রয়েছে। গণতন্ত্র মানে শুধু নির্বাচন বা পার্লামেন্ট নয়, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থার বিষয়। এ আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে চরম দৃঢ়তা দেখাতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ