spot_img
spot_img

নেতানিয়াহুর সঙ্গে সরকার গঠন ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল: ইয়াইর গোলান

দখলদার ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরকার গঠনের উদ্যোগকে ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়াইর গোলান। একই সঙ্গে নেতানিয়াহুকে বাদ দিয়ে সংখ্যালঘু সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ডেমোক্র্যাটস পার্টির নেতা গোলান বলেন, চেঞ্জ ব্লক বা পরিবর্তন জোট সরকার গঠনের ম্যান্ডেট পাওয়ার পর তৃতীয় সপ্তাহে প্রবেশ করলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর নেতৃত্বে আবারও সরকার গঠনের বাস্তব আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি বলেন, যত দ্রুত সম্ভব নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোই ছিল জনগণের প্রতি জোটের নেতাদের অন্যতম প্রধান অঙ্গীকার। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে যারা বাধা সৃষ্টি করবেন, তাদের নিজেদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে।

গোলানের মতে, বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘু সরকার গঠনই একমাত্র বাস্তবসম্মত বিকল্প। নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকার গঠনের যেকোনো উদ্যোগ ভোটারদের পিঠে ছুরিকাঘাতের সমান হবে। কারণ, পরিবর্তন জোটের নেতারা নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়েই নির্বাচিত হয়েছেন, তার সঙ্গে সরকার গঠনের জন্য নয়। এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হলে তার দল এর বিরোধিতা করবে বলেও জানান তিনি।

অতি-রক্ষণশীল (আল্ট্রা-অর্থোডক্স) দলগুলোর সঙ্গে চলমান আলোচনা প্রসঙ্গে গোলান বলেন, পারস্পরিক সহযোগিতার বিষয়ে সর্বসম্মত কোনো কাঠামো তৈরি না হলে এসব আলোচনাকে সরকার গঠনের পূর্বশর্ত করা উচিত নয়।

এ ছাড়া আরব দল জয়েন্ট লিস্টের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান তিনি। দলটিকে ‘অন্ধকার ও বর্ণবাদী’ আখ্যা দিয়ে কিংবা অন্য কোনো যুক্তিতে তাদের সঙ্গে সহযোগিতার পথ বন্ধ করা ঠিক হবে না বলে মন্তব্য করেন গোলান। মনসুর আব্বাসের নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্টের সঙ্গে তার দলের চমৎকার অংশীদারিত্ব রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর দখলদার ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ পরিবর্তন জোটের নেতা গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন। এ প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানোর সুযোগ রয়েছে। আইজেনকট নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হলে নেসেটের অন্য কোনো সদস্যকে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দেওয়া হবে।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ