spot_img
spot_img

মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিলো বৃটেন

রোহিঙ্গাদের ওপর নৃশংস দমন-পীড়ন ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে বৃটেন। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত ঐতিহাসিক রায়ের পর এ পদক্ষেপের পাশাপাশি রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে দেশটি।

সোমবার (২৩ নভেম্বর) বৃটিশ সরকার এ ঘোষণা দেয়। নিষেধাজ্ঞার আওতায় পাঁচ সামরিক কর্মকর্তার সম্পদ জব্দ, বৃটেনে প্রবেশে নিষেধাজ্ঞা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালনে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বৃটিশ সরকারের ঘোষণায় এসব পদক্ষেপের কথা জানানো হয়।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মেজর জেনারেল মিয়ো মিন তুন। তিনি শান ও কায়াহ অঞ্চলের ইস্টার্ন মিলিটারি কমান্ডার। বেসামরিক জনগণের ওপর দমন-পীড়ন এবং মিয়ানমারের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত করার কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তালিকায় রয়েছেন মেজর জেনারেল মিয়াত থেত উ। তিনি কাচিন অঞ্চলের নর্দার্ন কমান্ডের সাবেক কমান্ডার এবং লাওসে নিযুক্ত মিয়ানমারের সাবেক রাষ্ট্রদূত। মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষকে বেসামরিক জনগণের ওপর দমন-পীড়নে সহযোগিতা করার অভিযোগে তাঁকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

এ ছাড়া মেজর জেনারেল কিয়াও সোয়ের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ২০২৬ সালের জুনে তিনি রাখাইন অঞ্চলের ওয়েস্টার্ন কমান্ডের কমান্ডার হিসেবে দায়িত্ব পান। জনবসতিপূর্ণ এলাকা ও চিকিৎসা অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলাসহ বেসামরিক নাগরিকদের ওপর দমন-পীড়নে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

নিষেধাজ্ঞার তালিকায় আরও রয়েছেন ওয়েস্টার্ন কমান্ডের সাবেক কমান্ডার মেজর জেনারেল কিয়াও সোয়ার উ। ম্রাউক-উ জেনারেল হাসপাতালে বিমান হামলায় বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনায় তাঁকে দায়ী করার মতো যথেষ্ট ভিত্তি রয়েছে বলে বৃটিশ সরকারের ঘোষণায় উল্লেখ করা হয়েছে। ওই হামলায় ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হন, যাদের মধ্যে একটি শিশুও ছিল।

তালিকায় থাকা পঞ্চম সামরিক কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মিয়ো হ্তুত হ্লাইং। মিয়ানমারের চিন রাজ্যে আটক বন্দীদের সঙ্গে নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর আচরণের ঘটনায় জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সামরিক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি মিয়ানমারের জান্তা সরকারের ওপর চাপ বাড়াতে আরও কয়েকটি পদক্ষেপের ঘোষণা দিয়েছে বৃটেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড জানিয়েছেন, মিয়ানমারে বিমানের জ্বালানি রপ্তানি ও সরবরাহ বন্ধ করতে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করছে বৃটিশ সরকার।

এ ছাড়া রাখাইন রাজ্যে বসবাসরত প্রায় ৩ লাখ ৫০ হাজার রোহিঙ্গা ও অন্যান্য জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত ৫ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বৃটেন। মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণ, অপরাধ নথিবদ্ধ করা এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে আরও ৩ মিলিয়ন পাউন্ডের তহবিল ঘোষণা করা হয়েছে।

এর আগে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করেছে বৃটেন। পাশাপাশি বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন এবং এ বিষয়ে জরুরি বৈঠক আয়োজনের উদ্যোগ নিয়েছে দেশটি।

বৃটিশ সরকার জানিয়েছে, রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার স্বীকৃতি এবং নতুন পদক্ষেপগুলোর মাধ্যমে মিয়ানমারের সামরিক বাহিনীর জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে তারা।

সূত্র: বৃটিশ সরকারের পররাষ্ট্র

spot_img
spot_img
spot_img

সর্বশেষ