কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের কাছে দলীয় তথ্য পাচার ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি নেতা তৈয়বুর রহমানের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ স্থগিত করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়ার স্বাক্ষরিত সাংগঠনিক আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তৈয়বুর রহমান কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সাংগঠনিক আদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা, বিএনপিতে থেকে আওয়ামী লীগের নেতাদের কাছে তথ্য পাচার এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তোলা ছবি থাকার অভিযোগে তার প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, তৈয়বুর রহমানের সঙ্গে পতিত ফ্যাসিবাদী সরকারের এমপি-মন্ত্রীসহ অনেকের সুসম্পর্ক ছিল। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
টিটু আরও বলেন, স্থানীয় আওয়ামী লীগের পলাতক নেতাদের কাছে বিএনপির তথ্য পাচারের অভিযোগ রয়েছে তৈয়বুর রহমানের বিরুদ্ধে। এসব বিষয় বিবেচনায় নিয়ে দলীয় সিদ্ধান্তে তার সব পদ স্থগিত করা হয়েছে।











