spot_img
spot_img

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে মহানগর ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাদুঘর মোড় এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে দফায় দফায় চলা সংঘর্ষে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় গুলিবর্ষণের অভিযোগও উঠেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই পক্ষকে নিবৃত্ত করতে টিয়ারশেল নিক্ষেপ করে। তবে এরপরও থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষের পরও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমনের অভিযোগ, রাজপাড়া থানা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শাহিনুরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তাঁরা জাদুঘর মোড়ে গেলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নার নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়।

লিমনের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্দেশনায় দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে এ হামলা চালানো হয়। পরে নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীও সংঘর্ষে যোগ দেন। এ সময় গুলিবর্ষণের পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দাবি জানিয়েছেন লিমন।

তবে এসব অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা সাফায়েত হোসেন মান্নার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারির বক্তব্য জানতে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। ফলে সংঘর্ষের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ