spot_img
spot_img

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বাংলাদেশ-পাকিস্তানের নানা উদ্যোগ

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যাপক তৎপরতা শুরু করেছে পাকিস্তান। এরই অংশ হিসেবে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল এবং ১৩ সদস্যের একটি সাংবাদিক প্রতিনিধিদল বর্তমানে পাকিস্তান সফর করছে।

দুই দেশের সম্পর্কের নতুন প্রেক্ষাপটে এই সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে ইসলামাবাদ। সফরের প্রথম দিনেই স্পিকার হাফিজউদ্দিন আহমদ একাধিক কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে অন্যতম ছিল কাকুল মিলিটারি একাডেমি পরিদর্শন। সেখানে তিনি পাকিস্তান আমলে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। দীর্ঘদিন পর নিজের পুরোনো প্রশিক্ষণকেন্দ্রে ফিরে তিনি স্মৃতিচারণ করেন এবং একসময়ের পরিচিতদের সঙ্গে সাক্ষাৎ করেন।

মঙ্গলবার সন্ধ্যায় স্পিকারের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আয়াজ সাদিক, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারসহ দেশটির মন্ত্রিসভার সদস্য ও পার্লামেন্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দুই দেশের সংসদীয় প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধিরাও ওই আয়োজনে অংশ নেন।

সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধিদলকে পাকিস্তানের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আধুনিক কার্যক্রম ও কৌশল সরেজমিনে দেখানো হয়। সকালে তারা দেশটির তথ্য মন্ত্রণালয়ের এক্সটার্নাল পাবলিসিটি উইং পরিদর্শন করেন। সেখানে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিসরে পাকিস্তানের ভাবমূর্তি তুলে ধরা, প্রচার-প্রোপাগান্ডা মোকাবিলা ও ন্যারেটিভ তৈরির কৌশল এবং ইরান ও আমেরিকার মধ্যে ‘ইসলামাবাদ টকস’ আয়োজনের ক্ষেত্রে এই বিভাগের ভূমিকা নিয়ে বিস্তারিত ব্রিফ করা হয়।

পরে সাংবাদিক প্রতিনিধিদল পাকিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ) পরিদর্শন করেন। দুর্যোগ মোকাবিলায় তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এবং সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সংস্থাটির বিশাল কন্ট্রোলরুম ও কমান্ড সেন্টারের কার্যক্রম তাঁদের ঘুরিয়ে দেখানো হয়।

এ ছাড়া সাংবাদিকেরা পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের অধীন গত বছর প্রতিষ্ঠিত একটি ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিদলকে জানান, ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানবিরোধী প্রচারণা, বিশেষ করে ভারতের পক্ষ থেকে চালানো নেতিবাচক প্রচারণার জবাব দিতে এবং নিজেদের বক্তব্য তুলে ধরতে এই ল্যাব থেকে ডিজিটাল কনটেন্ট তৈরি করা হয়।

সফরের অংশ হিসেবে বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধিদল ইসলামাবাদের ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনও পরিদর্শন করেন। হাইকমিশনার ইকবাল হোসেন খান তাঁদের স্বাগত জানান এবং পাকিস্তানে বাংলাদেশের কূটনৈতিক কার্যক্রম ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে হাইকমিশনের ভূমিকা তুলে ধরেন।

উল্লেখ্য, ২০০৪ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং ২০২৫ সালের অক্টোবরে এর নতুন ভবন উদ্বোধন করা হয়। ইসলামাবাদে এই জায়গাটি পাকিস্তান সরকারের সঙ্গে জমি বিনিময়ের মাধ্যমে পেয়েছে বাংলাদেশ। এর বিনিময়ে ঢাকার গুলশানের কূটনৈতিক এলাকায় পাকিস্তানকে হাইকমিশন ভবনের জন্য জায়গা দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ