ইরানের নাগরিকদের দ্রুত বিয়ে করা ও অধিক সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তিনি বলেছেন, জনসংখ্যা বৃদ্ধি দেশের ভবিষ্যৎ ও জাতীয় সক্ষমতা বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) চতুর্থ জাতীয় তরুণ জনসংখ্যা পুরস্কার প্রদান অনুষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বার্তায় এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানটি জাতীয় জনসংখ্যা বিষয়ক আয়োজন বলে জানিয়েছে আল-মানার।
মোজতবা খামেনি বলেন, জনসংখ্যা বৃদ্ধি ইরানের বৈজ্ঞানিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক সক্ষমতাকে কাজে লাগানোর সুযোগ তৈরি করবে। দেশের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে আগ্রহী নাগরিকদের ভবিষ্যৎ প্রজন্মের ধারাবাহিকতা বজায় রাখার উদ্যোগে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
জনসংখ্যা বৃদ্ধিকে বহিরাগত হুমকি মোকাবিলার একটি কৌশলগত উপাদান হিসেবেও উল্লেখ করেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, তরুণ জনসংখ্যা ‘শত্রুর হুমকি ও অসৎ উদ্দেশ্য’ প্রতিহত করতে সহায়তা করবে।
এ লক্ষ্যকে নতুন ইসলামি সভ্যতা গড়ে তোলার পরিকল্পনার সঙ্গে যুক্ত করেন মোজতবা খামেনি। এ জন্য পারিবারিক কাঠামো শক্তিশালী করা, অল্প বয়সে বিয়ে, উন্নত স্বাস্থ্যসেবা এবং সন্তান জন্মদানে উৎসাহ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে অতীতে জনসংখ্যাবিষয়ক নীতিতে কিছু ঘাটতি ছিল বলেও স্বীকার করেন সর্বোচ্চ নেতা। পরিবারগুলোর কল্যাণে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নকে জাতীয় পরিকল্পনার স্থায়ী অংশ হিসেবে রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
গত কয়েক দশকে ইরানে জনসংখ্যা বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এ কারণে জনসংখ্যা বৃদ্ধি দেশটির সরকারের অন্যতম প্রধান নীতিগত অগ্রাধিকারে পরিণত হয়েছে।
গত মার্চের শুরুতে সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন মোজতবা খামেনি। এর আগে ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরাইলের হামলায় তাঁর বাবা ও পূর্বসূরি আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।
২০২৬ সালের নভেম্বর পর্যন্ত ইরানের জনসংখ্যা আনুমানিক ৯ কোটি ৩৫ লাখ। জনসংখ্যার হিসাবে দেশটি বিশ্বের ১৭তম বৃহত্তম রাষ্ট্র।
সূত্র : তাসনিম নিউজ এজেন্সি











