স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী ও সুমনসহ গুমের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
বুধবার (২৫ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, গুমের শিকার প্রায় ২০০ জনের এখনো সন্ধান পাওয়া যায়নি। এসব অভিযোগের বিষয়ে সম্মিলিতভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ করে যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
তিনি জানান, ইতোমধ্যে গুমের কয়েকটি মামলার বিচার চলছে এবং বেশ কয়েকটি মামলা শুনানির পর্যায়ে রয়েছে। গুমসংক্রান্ত আইনও পাস হয়েছে। ব্যাপক ও পদ্ধতিগত গুমের অপরাধগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য হবে।
তদন্তাধীন মামলাগুলোর অগ্রগতি তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী, বিএনপি নেতা সুমনসহ গুমের সব মামলার তদন্ত চলছে। গুমের শিকার প্রায় ২০০ ভুক্তভোগীর সন্ধান এখনো পাওয়া যায়নি। তাঁরা জীবিত আছেন কি না, তা-ও নিশ্চিত নয়। এ কারণে সব গুমের ঘটনা নিয়ে সম্মিলিতভাবে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, গুমের তদন্তের পরিধি ব্যাপক হওয়ায় শত শত ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলা, সাক্ষ্যগ্রহণ ও প্রয়োজনীয় আলামত সংগ্রহের কাজ চলছে। এসব কার্যক্রম অব্যাহত রয়েছে। খুব শিগগির পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের আশা করছেন তাঁরা। এরপর গুমের ঘটনাগুলোর বিচার শুরু হবে।











