নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা তথ্য ও গুজব ছড়ান বলে মন্তব্য করেছেন এনসিপির সাবেক নেত্রী তাসনুভা জাবিন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে কেন্দ্র করে এবং অভ্যুত্থান-পরবর্তী সরকারকে নিয়ে নানা ধরনের মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তাসনুভা জাবিন।
পোস্টে তিনি লেখেন, আজ থেকে ৩০-৪০ বছর পর রাজনীতিতে এসে যদি শুনতেন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ঘিরে এবং অভ্যুত্থান-পরবর্তী সরকারকে নিয়ে দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা কী ধরনের মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়েছেন, তাহলে তিনি তা বিশ্বাস করতেন না। তবে এখন নিজ চোখে এসব দেখছেন বলে মন্তব্য করেন তিনি।
তাসনুভা জাবিন আরও বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রচণ্ড আত্মবিশ্বাসের সঙ্গে বজ্রকণ্ঠে এবং চোখে চোখ রেখে মিথ্যা কথা বলেন। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে পালিয়ে যেতেন না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে প্রশ্ন তোলেন, ৭৫ বছরের পুরোনো একটি দলের নেতা-কর্মীরা সবাই দেশ ছেড়ে চলে যাওয়ার পর ৮০ বছর বয়সী একজন নারীর ওপর নির্ভর করে দলটি কীভাবে আবার ঘুরে দাঁড়াবে?
আওয়ামী লীগ আবার ফিরে আসবে বলে যারা নিশ্চিত দাবি করছেন, তাদের বাস্তবসম্মত আলোচনা করার আহ্বান জানান তাসনুভা। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের আদর্শকে ধর্মের মতো বিবেচনা করে বাস্তবতাবিবর্জিত কথা বলা উচিত নয়। বিশেষ করে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এমন ব্যক্তিদের কাছ থেকে যৌক্তিক বক্তব্য প্রত্যাশা করেন তিনি।
পোস্টে নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলের দুঃশাসন, দুর্নীতি, লুটপাট ও স্বৈরশাসন নিয়ে আলোচনা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তাসনুভা জাবিন। তবে দলটির সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আলোচনা কিংবা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়া মানেই আওয়ামী লীগ মূলধারার রাজনীতিতে সক্রিয়, এমনটি নয় বলে মন্তব্য করেন তিনি।
তার মতে, আওয়ামী লীগ সহজে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে না। শেখ হাসিনা কিংবা শেখ পরিবারের ওপর নির্ভর করেও তা সম্ভব নয়। নিষিদ্ধ আওয়ামী লীগ দিল্লির ভরসায় বাংলাদেশে আবারও নিজেদের অবস্থান প্রতিষ্ঠার স্বপ্ন দেখলেও বাস্তবে দিল্লি অনেক দূরে বলেও মন্তব্য করেন তাসনুভা জাবিন।











