নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক নির্যাতনের ঘটনা এবং এসব অপরাধে জড়িতদের শনাক্ত করতে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত এসব ঘটনার তথ্য দিতে পারবেন ভুক্তভোগী, স্বজনসহ সংশ্লিষ্ট যে কেউ।
বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠি স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সংগঠনের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, গণশুনানিতে নির্যাতনের শিকার রাজনৈতিক দলের প্রতিনিধি, আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য, ভুক্তভোগী, প্রেসক্লাবের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ উদ্যোগ বাস্তবায়নে সরকার সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।
গণশুনানির আগে প্রতিটি জেলার সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সরকারি ব্যবস্থাপনায় মাইকিং করা হবে। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে প্রচার-প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে এ বিষয়ে জানানো হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ সমন্বয়ে গণশুনানির আয়োজন করা হবে। একই সঙ্গে আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের গণশুনানির বিষয়ে অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।











