ইরান রাসায়নিক অস্ত্র তৈরির প্রক্রিয়ায় রয়েছে বলে অভিযোগ করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। একইসঙ্গে তেহরানকে এ সক্ষমতা অর্জন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসরাইলি সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ইরান রাসায়নিক অস্ত্র তৈরির প্রক্রিয়ায় রয়েছে। ইসরাইল তাদের (ইরানকে) এই সক্ষমতা অর্জন করতে দেবে না।
এর আগে গত সপ্তাহে আমেরিকার সংবাদমাধ্যম সিএনএন আমেরিকার গোয়েন্দা সূত্রের বরাতে জানায়, ওয়াশিংটনে তথাকথিত ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের মাধ্যমে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা তৈরি করছে ইরান।
প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাতে বলা হয়, ইরানের এই পরিকল্পনা তাৎক্ষণিক হামলার ইঙ্গিত নয়, বরং ভবিষ্যতে প্রয়োজনে ব্যবহারের জন্য বিভিন্ন বিকল্প তৈরি রাখার প্রচেষ্টা।
ডার্টি বোমা হলো এমন একটি প্রচলিত বিস্ফোরক, যার সঙ্গে রাসায়নিক বা তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করা হয়। বিস্ফোরণের মাধ্যমে এসব ক্ষতিকর পদার্থ ছড়িয়ে দেওয়াই এ ধরনের বোমার উদ্দেশ্য।
তবে সিএনএনের ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি একে ইরাক যুদ্ধের সময়কার প্রচারণার মতো বলে মন্তব্য করেছেন। একইসঙ্গে এর পেছনে ইসরাইলের সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, কেউ এসব বিশ্বাস করছে না।
প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, আমরা যদি বুঝতে পারি, ইরানিরা ইসরাইলে হামলার পরিকল্পনা করছে, তাহলে কি আগেই সেনাবাহিনীকে হামলার নির্দেশ দিয়ে সেই হুমকি নস্যাৎ করা যায় না? ইরানিরা যদি প্রথমে আমাদের ওপর হামলা চালায়, তাহলে সেটি হবে ব্যর্থতা।
এদিকে গত মাসে ইসরাইলে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট, কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাননি।
এরপর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেন। অন্যদিকে নেতানিয়াহু তেহরানের হুমকিকে সামনে এনে লিকুদ পার্টিকে অন্তর্ভুক্ত করে একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তার কথা বলে আসছেন।
প্রতিবেদন অনুযায়ী, গত বছর ও চলতি বছরের শুরুর দিকে দুই দফা সংঘাতের পর ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু।
তবে ইরানে এখনই হামলার প্রয়োজন দেখছেন না আইজেনকট। সোমবার জেরুজালেমে ইসরাইলি পার্লামেন্টে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানের হুমকি ইসরাইল রাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুতর হুমকি।
তিনি আরও বলেন, এই মুহূর্তে ইসরাইলের জন্য এমন কোনো সরাসরি ও তাৎক্ষণিক হুমকি দেখছি না, যার মোকাবিলায় নতুন সরকার গঠনের আগেই সামরিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।











