ইরানের ঘোষিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত দেশটি কোনো পদক্ষেপ নেবে না এবং আমেরিকার সঙ্গে আলোচনায়ও বসবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মুহাম্মদ বাকের গালিবাফ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পার্লামেন্টের উন্মুক্ত অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে আমেরিকার প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্য ও হুমকির মুখে ইরানের অবস্থান স্পষ্ট ও অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি।
গালিবাফ বলেন, হুমকি দেওয়া, গর্বিত ইরানি জনগণকে অপমান করা এবং অর্থনৈতিক চাপ প্রয়োগের ওপর জোর দেওয়ার বিষয়গুলো মূলত প্রতিরোধী ও স্বাধীন ইরানি জাতির মোকাবিলায় ওয়াশিংটনের হতাশার বহিঃপ্রকাশ।
ইরানের ঘোষিত অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, দেশটির সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হবে না এবং কোনো আলোচনা অনুষ্ঠিত হবে না।
তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, শত্রুপক্ষ কোনো শত্রুতামূলক পদক্ষেপ নিলে ইরানের জবাব হবে কঠোর ও চূড়ান্ত। শত্রুপক্ষ ভুল হিসাব করলে যুদ্ধক্ষেত্রের ভৌগোলিক পরিসর পরিবর্তনের মাধ্যমেও জবাব দেওয়া হবে।
ইরানি কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলেছেন, দেশটির সাতটি শর্ত ইরানের বৈধ অধিকারকে প্রতিনিধিত্ব করে। চাপ কিংবা হুমকির মুখে এসব অধিকার পরিত্যাগ করা সম্ভব নয়।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এসব শর্ত কোনো অস্বাভাবিক দাবি নয় কিংবা শুধু আলোচনার পূর্বশর্তও নয়। বরং এগুলো ইরানি জনগণের অবিচ্ছেদ্য অধিকার।
তেহরানের চলমান সংঘাতের অবসান এবং ওয়াশিংটনের সঙ্গে অচলাবস্থা নিরসনের কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই এসব শর্ত সামনে এসেছে। ইরান সব ফ্রন্টে সংঘাত বন্ধ করা, নৌ অবরোধ তুলে নেওয়া, জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করা এবং নতুন করে আগ্রাসন চালানো হবে না এমন নিশ্চয়তাসহ আরও কয়েকটি দাবি জানিয়েছে।
কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে হরমুজ প্রণালিতে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার জন্য দুই দিনের একটি রোডম্যাপও প্রস্তাব করেছে তেহরান। পরিকল্পনা অনুযায়ী, ওয়াশিংটন ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নিলে, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করলে এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ মুক্ত করলে ৪৮ ঘণ্টার মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু হতে পারে।
সূত্র : তাসনিম নিউজ এজেন্সি











