spot_img
spot_img

সন্ত্রাসমুক্ত তুরস্ক গড়ার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে: এরদোগান

তুরস্কের চার দশকের সন্ত্রাসবাদ সমস্যার স্থায়ী সমাধানে ‘সন্ত্রাসমুক্ত তুরস্ক’ উদ্যোগকে ঐতিহাসিক সুযোগ হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি বলেছেন, এ উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের পথ সুগম করা সম্ভব।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানী আঙ্কারায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এরদোগান বলেন, তুরস্কের ৪০ বছরের সমস্যার স্থায়ী সমাধানে আমাদের সামনে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে।

২০২৪ সালের শেষ দিকে চালু হওয়া ‘সন্ত্রাসমুক্ত তুরস্ক’ উদ্যোগের লক্ষ্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে চার দশকের সশস্ত্র সংঘাতের অবসান ঘটানো। এ লক্ষ্যে সংগঠনটির বিলুপ্তি ও অস্ত্র সমর্পণের উদ্যোগ নেওয়া হয়েছে। পিকেকে এর আগে অস্ত্র ত্যাগ এবং উত্তর ইরাকে তাদের আশ্রয়স্থল ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল।

এরদোগান বলেন, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে এবং পুরো প্রক্রিয়া আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে। কোনো ধরনের অপব্যবহার বা উসকানির সুযোগ রাখতে চান না তারা।

তিনি বলেন, সরকার পুরো প্রক্রিয়াটি সন্তানের প্রতি মায়ের যত্নের মতো সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। সন্ত্রাসবাদের কারণে স্বজন হারানো পরিবারগুলোর কষ্টের অবসান ঘটানোই তাদের লক্ষ্য।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা চাই না আর কোনো মা, বাবা কিংবা সন্তানকে চোখের পানি ফেলতে হোক। সম্ভাবনাময় তরুণদের জীবন পূর্ণ হওয়ার আগেই যেন কচি চারার মতো ঝরে পড়তে না হয়।’

তুরস্ককে সন্ত্রাসমুক্ত করার পাশাপাশি পুরো অঞ্চলকেও সন্ত্রাসমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে রাজনৈতিক বিরোধ ও দলীয় ক্ষমতার দ্বন্দ্ব যেন এই উদ্যোগকে বাধাগ্রস্ত না করে, সে বিষয়ে সতর্ক করেন এরদোগান। তাঁর ভাষায়, ক্ষমতাসীন জোট কোনোভাবেই এ উদ্যোগকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে বা ব্যর্থ হতে দেবে না।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ