spot_img
spot_img

ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক, পুলিশের কাছে হস্তান্তর

ঢকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অ্যাপ্রোন পরে চিকিৎসক পরিচয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় কনা আক্তার শান্তা (২২) নামে এক নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৩টার দিকে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় নিয়মিত টহলের সময় তাকে আটক করা হয়।

আটক কনা আক্তার শান্তা পটুয়াখালীর বাউফল থানার বটতুলিয়া এলাকার কাদের শিকদারের মেয়ে।

ঢামেকে দায়িত্বরত আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন বলেন, বৃহস্পতিবার রাত ৩টার দিকে আনসার সদস্যরা নিয়মিত টহল দেওয়ার সময় হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় অ্যাপ্রোন পরা এক নারীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে আনসার সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। পরে বিষয়টি সেখানে কর্মরত চিকিৎসকদের জানানো হয়।

তিনি আরও জানান, হাসপাতালের চিকিৎসকেরা ওই নারীকে চিকিৎসক হিসেবে শনাক্ত করতে পারেননি। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের প্রশাসনিক ভবনে পরিচালকের কক্ষে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে হাসপাতালের পরিচালক ও উপপরিচালকের পরামর্শে তাকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান বলেন, ভোরের দিকে আনসার সদস্যরা ওই নারীকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। পরে শাহবাগ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ