সৌদি আরব ও ইয়েমেনের হুথি যোদ্ধাদের মধ্যে চলমান সংঘাত নিয়ে ইসলামাবাদে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিভুক্ত দেশগুলোর বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুনিয়া নিউজ এ তথ্য জানিয়েছে।
খাজা আসিফ বলেন, সৌদি আরবের দক্ষিণে চলমান অস্থিরতা বৈঠকের আলোচ্যসূচির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হবে। তিনি নিশ্চিত করেন, বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা এবং পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন।
গত আগস্টে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, তিন দেশের কোনো একটির ওপর হামলা হলে অন্য দেশগুলো পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছে।
ইয়েমেনের গৃহযুদ্ধে সংঘাত জুলাইয়ে তীব্র হওয়ার পর থেকে হুথিরা সৌদি আরবের বিভিন্ন শহর, তেল স্থাপনা ও নৌযান লক্ষ্য করে বারবার হামলা চালিয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) খাজা আসিফ বলেন, ‘চুক্তি অনুযায়ী সৌদি আরবের ওপর যেকোনো হুমকি পাকিস্তান ও তুরস্কের জন্যও হুমকি। বিষয়টি একেবারেই স্পষ্ট।’ ইয়েমেনের রাজধানী সানা’সহ দেশটির বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণকারী হুথিদের সঙ্গে সংঘাত মোকাবিলায় রিয়াদের ভূমিকারও প্রশংসা করেন তিনি।
তিনি বলেন, ফেব্রুয়ারিতে ইরানের ওপর আমেরিকা-ইসরাইলি হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিস্তারের প্রেক্ষাপটে গঠিত এই প্রতিরক্ষা চুক্তি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
খাজা আসিফ আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের ঘন ঘন বৈঠক করতে হবে, যাতে এই চুক্তির কাঠামো ও ব্যবস্থাপনাকে সঠিকভাবে এগিয়ে নেওয়া যায়। এর ফলে আগামী কয়েক মাসের মধ্যে প্রয়োজনীয় সবকিছু প্রস্তুত থাকবে এবং আমরা সামনে এগিয়ে যেতে পারব।’
ইরানের সরাসরি হামলার মুখে সৌদি আরবকে রক্ষায় এই প্রতিরক্ষা চুক্তি কীভাবে প্রতিক্রিয়া জানাবে, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি খাজা আসিফ। তবে তিনি এই অঞ্চলের অন্যান্য দেশের জন্য ইসরাইলকে সম্ভাব্য হুমকি হিসেবে চিহ্নিত করেন।
তিনি বলেন, ‘ইসরাইলের পক্ষ থেকে সংঘাত বা আগ্রাসনের সম্ভাবনা রয়েছে। তাই এই অঞ্চলের দেশগুলোর নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।’
পাকিস্তানের মধ্যস্থতায় জুনে আমেরিকা ও ইরানের মধ্যে একটি সমঝোতা হয়েছিল। এর ফলে দুই দেশের মধ্যে সাময়িকভাবে যুদ্ধ থেমেছিল। একই সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মাধ্যমে পরবর্তী চুক্তির জন্য একটি রূপরেখাও তৈরি হয়েছিল।
তবে আমেরিকা ও ইরান একে অপরের বিরুদ্ধে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তোলার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ে। এরপর যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত করতে কয়েক মাস ধরে কূটনৈতিক তৎপরতা চালানো হয়। এতে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাতার ও পাকিস্তান ভূমিকা পালন করে।
খাজা আসিফ বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পাকিস্তান ‘অত্যন্ত গঠনমূলক ভূমিকা’ পালন করেছে। তবে চলমান মধ্যস্থতা প্রচেষ্টার ফলাফল এখনো ‘ভঙ্গুর’ এবং প্রত্যাশিত উপায়ে শান্তি প্রতিষ্ঠিত হয়নি।
সূত্র : দুনিয়া নিউজ











