spot_img
spot_img

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজ্জায় হামলা, উপশিক্ষামন্ত্রীসহ ৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

আমেরিকার মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজ্জায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাতে চালানো বিমান হামলায় গাজ্জার উপশিক্ষামন্ত্রী ও তার স্ত্রীসহ অন্তত ৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে আল-আকসা শহীদ হাসপাতালের একজন চিকিৎসক জানান, মধ্য গাজ্জার দেইর আল-বালাহ শহরের একটি আবাসিক ভবনের অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলা চালানো হয়। এতে এক ফিলিস্তিনি ও তার স্ত্রীকে হত্যা করা হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা নিহত দম্পতির পরিচয় নিশ্চিত করেন। তারা হলেন ৫৬ বছর বয়সি খালেদ মাহমুদ আবু নাদা এবং তার স্ত্রী ৪৯ বছর বয়সি আবির মোহাম্মদ আবু নাদা। খালেদ আবু নাদা গাজ্জার উপশিক্ষামন্ত্রী ছিলেন বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।

এদিকে ইসরাইলের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ দাবি করেছেন, দেশটির সেনাবাহিনী আবু নাদাকে হত্যা করেছে। তাদের ভাষ্য, তিনি হামাসের অর্থনীতি ও শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন।

নেতানিয়াহু ও কাৎজের যৌথ বিবৃতিতে আরও দাবি করা হয়, অক্টোবর মাসে হামাসের ৮০ জন কর্মকর্তা ও সদস্যকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। তবে ইসরাইলের এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনি হামাস।

অন্যদিকে গাজ্জা নগরীতে পৃথক দুটি ইসরাইলি হামলায় আরও ছয় ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) গাজ্জার আল-শিফা হাসপাতালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

হাসপাতালটির একটি সূত্র জানায়, উত্তর গাজ্জার আল-শাতি শরণার্থী শিবিরে ইসরাইলি হামলার পর তিন ফিলিস্তিনির মরদেহ এবং গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে।

স্থানীয় ফিলিস্তিনি সূত্রগুলো আনাদোলুকে জানায়, শরণার্থী শিবিরটিতে বেসামরিক মানুষের একটি জমায়েত লক্ষ্য করে ইসরাইলি ড্রোন হামলা চালানো হয়। এতে তিনজনকে হত্যা করা হয়েছে এবং আরও একজন আহত হয়েছেন।

এ ছাড়া মধ্য গাজ্জার আল-মাগাজি শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলে ইসরাইলি সেনাদের অবস্থানের কাছাকাছি এলাকায় ফিলিস্তিনিদের বাড়িঘর ও অন্যান্য স্থাপনা বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। এ সময় সামরিক যান থেকে ব্যাপক গুলিবর্ষণের ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে জানান, স্থাপনাগুলো ধ্বংস করার সময় গাজ্জা উপত্যকার বিস্তীর্ণ এলাকায় দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।

২০২৫ সালের ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজ্জায় ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় ১ হাজার ৬৭৯ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এবং আরও ৬ হাজার ১০০ জন আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজ্জায় শুরু হওয়া ইসরাইলের সামরিক অভিযানে এ পর্যন্ত ৭৪ হাজার ৭৪৬ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এবং ১ লাখ ৭৬ হাজারের বেশি আহত হয়েছেন। এ ছাড়া উপত্যকাটির প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ