spot_img
spot_img

গোপালগঞ্জে সরকারের কৌশলের প্রশংসা ও জনভোগান্তি নিয়ে সতর্ক করলেন মাওলানা মামুনুল হক

গোপালগঞ্জের ঘটনায় সরকার ও পুলিশের পদক্ষেপের প্রশংসা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।

তিনি বলেছেন, এ ক্ষেত্রে সরকার ও পুলিশ অত্যন্ত বিচক্ষণ ও সফল কৌশল অবলম্বন করেছে। আন্দোলনকারীদের দমন কিংবা বলপ্রয়োগের পথে না গিয়ে সরকার যে সহনশীলতা ও ধীরে চলার নীতি গ্রহণ করেছে, তা তার দৃষ্টিতে ফলপ্রসূ ও বুদ্ধিদীপ্ত। তবে সাধারণ মানুষের আর্থিক লেনদেন ও জীবনযাত্রা বাধাগ্রস্ত করে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা অমানবিক হবে বলে সতর্ক করেছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে গোপালগঞ্জ রাজনীতি: বিএনপি কি আওয়ামী লীগের পুরোনো পথেই হাঁটছে? শিরোনামে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টের শুরুতে মামুনুল হক লেখেন, বিএনপির গোপালগঞ্জ রাজনীতি সম্প্রতি পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী আওয়ামী লীগ নেত্রী হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ফাঁপড়বাজিকে কেন্দ্র করে সৃষ্ট এক ধরনের ধোঁয়াশার মধ্যে আটকে পড়েছে।

তিনি লেখেন, চলতি নভেম্বর মাসে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা হাসিনার প্রত্যাবর্তন কীভাবে উদযাপন করবে, তার একটি বড় ধরনের মহড়া দিয়েছে। তারা ব্যাপক সহিংসতা ও তাণ্ডব চালিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তাবেষ্টনী, থানা, বিভিন্ন সরকারি অফিস ও স্থাপনা, এমনকি গোপালগঞ্জের মধ্য দিয়ে যাতায়াতকারী মহাসড়ক ও রেল যোগাযোগও বিচ্ছিন্ন করে দিয়েছে। সব মিলিয়ে গোটা এলাকায় ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে।

হাসিনার পুরোনো রাজনৈতিক কৌশলের প্রসঙ্গ তুলে তিনি আরো লেখেন, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির জন্য তার প্রয়োজন কিছু লাশ ও রক্ত। সম্ভবত গোপালগঞ্জের সহিংসতার পেছনেও এমন একটি হিসাব কাজ করেছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হবে, পুলিশ বড় ধরনের পদক্ষেপ নেবে, প্রাণহানি ঘটবে ও রক্ত ঝরবে। আর সেই পরিস্থিতিকে পুঁজি করে বাংলাদেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টা সফল হবে।

তবে গোপালগঞ্জের ঘটনায় সরকার ও পুলিশের পদক্ষেপের প্রশংসা করে মামুনুল হক লেখেন, তারা আন্দোলনকারীদের দমন কিংবা বলপ্রয়োগের পথে যেতে তাড়াহুড়ো করেনি। ফলে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও, ভাঙচুর, বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা, থানা দখলসহ নানা ধরনের নৈরাজ্য চালানোর পরও আন্দোলনকারীরা একপর্যায়ে ক্লান্ত হয়ে পড়েছে। সরকারের এই সহনশীলতা ও ধীরে চলার নীতি তাঁর কাছে ফলপ্রসূ ও বুদ্ধিদীপ্ত মনে হয়েছে।

তবে গতকাল থেকে পাওয়া সংবাদ গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি লেখেন, মনে হচ্ছে সরকার পুরোনো হাসিনা-স্টাইলেই জনগণকে নিয়ে তামাশা করার একটি হাস্যকর পদক্ষেপের দিকে এগোচ্ছে।

হাসিনার রাজনৈতিক কৌশল প্রসঙ্গে তিনি আরো লেখেন, তার রাজনীতিতে একটি প্রবণতা ছিল ‘মেরেও জেতা, কেঁদেও জেতা’। অর্থাৎ একদিকে কঠোরতা, অন্যদিকে কান্নাকাটি ও আবেগের রাজনীতি, সবকিছুর মধ্য দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করা। বিএনপি যেন একটি ব্যর্থ আওয়ামী লীগে পরিণত না হয়, সে বিষয়ে তারা বারবার বলে আসছেন।

মামুনুল হক লেখেন, গোপালগঞ্জের সাধারণ মানুষের বিকাশ, নগদসহ মোবাইল ব্যাংকিংয়ের বিভিন্ন সেবা কিংবা তাদের আর্থিক লেনদেনের সুযোগ বন্ধ করে টাকা-পয়সা আটকে রাখার যে খবর পাওয়া যাচ্ছে, তা সত্য হলে অত্যন্ত উদ্বেগজনক ও অমানবিক পদক্ষেপ হবে।

তিনি লেখেন, গোপালগঞ্জের সাধারণ মানুষের ব্যাংক ব্যালান্স, আর্থিক লেনদেন ও দৈনন্দিন অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করে তাঁদের মানবেতর জীবনের দিকে ঠেলে দেওয়া কোনো দায়িত্বশীল সরকারের কাজ হতে পারে না। এ ধরনের পদক্ষেপ সরকারের জন্য বুমেরাং হয়ে উঠতে পারে।

এ প্রসঙ্গে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ঐতিহাসিক অবস্থানের কথা স্মরণ করে তিনি আরো লেখেন, ৫ আগস্টের বিপ্লবের পর বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিলেন।

মামুনুল হক আরও লেখেন, গোপালগঞ্জকে কেন্দ্র করে একসময় বেগম খালেদা জিয়াকে পুলিশি অবরুদ্ধতার মুখে পড়তে হয়েছিল। সে সময় ক্ষোভের বশে তিনি বলেছিলেন, ‘গোপালি, গোপালগঞ্জের নাম থাকবে না।’ রুহুল কবির রিজভীর স্মৃতিচারণ অনুযায়ী, তাঁরা তখন এই বক্তব্যে উজ্জীবিত হয়েছিলেন এবং মনে করেছিলেন, গোপালগঞ্জের নাম মুছে ফেলাই বুঝি সঠিক রাজনৈতিক অবস্থান। তবে পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া বিষয়টি উপলব্ধি করেন এবং বুঝতে পারেন, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা হিসেবে এ ধরনের কথা বলা সমীচীন নয়।

তিনি লেখেন, বেগম খালেদা জিয়ার উদারতা এবং নিজের ভুল উপলব্ধি করে তা সংশোধনের মানসিকতা বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ হওয়া উচিত। হাসিনার মতো উদ্ধত, প্রতিহিংসাপরায়ণ ও কূটকৌশলী হওয়া বিএনপিকে মানায় না। জনগণকে নিয়ে তামাশা করা, বিরোধী মতের মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা কিংবা রাজনৈতিক প্রতিপক্ষকে শায়েস্তা করার নামে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা কোনো রাষ্ট্র পরিচালনাকারী দল বা সরকারের আচরণ হতে পারে না।

২০০১ সালের পরবর্তী বিএনপি সরকারের সময় হাওয়াভবনকেন্দ্রিক রাজনীতিতে এ ধরনের ভুল আচরণের কিছু দৃষ্টান্ত দেখেছেন উল্লেখ করে তিনি আরো লেখেন, হাওয়াভবনের চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তাবেষ্টনী তৈরি করে ঘটা করে ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিল। এর মধ্য দিয়ে বিরোধী দলকে তুচ্ছতাচ্ছিল্য করার প্রবণতা প্রকাশ পেয়েছিল। তার মতে, হাওয়াভবনের সেই ক্রিকেট আয়োজন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও রুচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। বরং সেটি ছিল হাসিনার রাজনৈতিক মনোবৃত্তিরই এক ধরনের অনুকরণ।

মামুনুল হক লেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত বিএনপি দেখতে চান। এমন একটি বিএনপি, যারা রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি প্রতিহিংসাপরায়ণ হবে না, জনগণের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখবে এবং রাষ্ট্র পরিচালনায় ন্যায়বিচার, সহনশীলতা ও দায়িত্বশীলতার পরিচয় দেবে। তাহলেই বিএনপি ও বাংলাদেশের কল্যাণ হবে। হাসিনার অনুসৃত নীতি, জনগণকে নিয়ে উপহাস করা, বিরোধী দলের প্রতি ঔদ্ধত্য প্রদর্শন করা এবং ক্ষমতার দাপট দেখিয়ে প্রতিপক্ষকে হেয় করা, এই আত্মঘাতী রাজনৈতিক সংস্কৃতি বিএনপির জন্য কখনোই সুখকর ফল বয়ে আনতে পারে না।

তিনি লেখেন, রাষ্ট্রের নাগরিক যে দলেরই সমর্থক হোন না কেন, সরকারকে তাঁদের সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হবে। তবে এর অর্থ এই নয় যে, গোপালগঞ্জে যারা জ্বালাও-পোড়াও, সহিংসতা ও দাঙ্গা-হাঙ্গামার পথ বেছে নেবে, তাদের কোনো জবাবদিহি থাকবে না। আইন ভঙ্গ করলে অবশ্যই তাদের আইনের আওতায় আসতে হবে এবং নিজেদের কর্মকাণ্ডের দায়ভার তাদেরই বহন করতে হবে।

গোপালগঞ্জে দুর্বৃত্তায়ন ও নৈরাজ্য রোধে স্থানীয় সাধারণ মানুষকে সম্পৃক্ত করে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়ে তিনি আরো লেখেন, যারা সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এমন কৌশল গ্রহণ করতে হবে, যাতে দুর্বৃত্তরা তাদের কর্মকাণ্ডের দায় নিজেরাই বহন করে এবং সাধারণ মানুষ অযথা ভোগান্তির শিকার না হয়। বরং সাধারণ জনগণ যেন নিজেদের জীবন-জীবিকার নিরাপত্তার স্বার্থেই দুর্বৃত্তপনা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মোকাবেলায় স্বতঃস্ফূর্ত গণপ্রতিরোধ গড়ে তোলে।

সবশেষে মামুনুল হক লেখেন, সরকারের পক্ষ থেকে আগ বাড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে তামাশা করা, তাঁদের তুচ্ছতাচ্ছিল্য করা কিংবা বেকায়দায় ফেলার উদ্দেশ্যে কোনো বেআইনি ও অমানবিক পদক্ষেপ গ্রহণ করা হলে তা কখনোই ভালো ফল বয়ে আনবে না। তাঁদের প্রত্যাশা, বিএনপি আওয়ামী লীগের প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক সংস্কৃতির উত্তরাধিকারী হবে না। বরং শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত আদর্শের প্রতি বিশ্বস্ত থেকে একটি দায়িত্বশীল, উদার ও জনবান্ধব রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ