spot_img
spot_img

ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা

ইরানের হুমকি ও নিরাপত্তা উদ্বেগের মুখে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার প্রায় অর্ধডজন সদস্য ওয়াশিংটনের সুরক্ষিত সামরিক আবাসনে বসবাস শুরু করেছেন। সামরিক কর্মকর্তাদের জন্য নির্ধারিত এসব আবাসনে শীর্ষ বেসামরিক কর্মকর্তাদের স্থানান্তর নিরাপত্তা উদ্বেগের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক নেতাদের বসবাসের গণতান্ত্রিক ঐতিহ্য নিয়েও বিতর্ক সৃষ্টি করেছে।

শনিবার (২৮ নভেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জেনারেল ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের জন্য নির্মিত শতাব্দীপ্রাচীন এবং কঠোর নিরাপত্তাবেষ্টিত এসব সামরিক আবাসনে নিজেদের নিরাপদ মনে করছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। সিএনএন চলতি মাসে জানিয়েছে, ইরান ওয়াশিংটনে তথাকথিত ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্রের বিস্ফোরণ ঘটিয়ে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে ভবিষ্যতের রিপাবলিকান কিংবা ডেমোক্র্যাট প্রশাসনেও শীর্ষ কর্মকর্তাদের সামরিক ঘাঁটিতে বসবাসের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে এর ফলে বেসামরিক রাজনৈতিক নেতাদের সাধারণ মানুষের সঙ্গে বসবাসের গণতান্ত্রিক ঐতিহ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ওয়াশিংটনকে অনিরাপদ আখ্যা দিয়ে ন্যাশনাল গার্ড মোতায়েন, হোয়াইট হাউসে নতুন বলরুম নির্মাণ এবং সরকারি গলফ কোর্স সংস্কারের মাধ্যমে ট্রাম্প শহরটিকে নিজের মতো করে সাজানোর কাজ করলেও তাঁর প্রশাসনের কর্মকর্তারা শহরটির সাধারণ জনজীবন থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছেন।

আমেরিকান ইউনিভার্সিটির সেন্টার ফর কংগ্রেশনাল অ্যান্ড প্রেসিডেনশিয়াল স্টাডিজের পরিচালক টমাস কান বলেন, যখন তাদের এমন দায়িত্ব থাকে, তখন নিরাপত্তা বলয় এবং এক অনুষ্ঠান থেকে অন্য অনুষ্ঠানে বা বাড়িতে দ্রুত নিয়ে যাওয়ার কারণে তারা এমনিতেই একটি বৃত্তের মধ্যে বাস করেন। কিন্তু এখন আরও নাটকীয়ভাবে তারা আমাদের মতো সাধারণ মানুষের পাড়া-মহল্লায়ও থাকছেন না।

তিনি আরও বলেন, এটি সরকারি কর্মকর্তাদের বিচ্ছিন্নতাকে আরও বাড়িয়ে দিচ্ছে এবং বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

ওয়াশিংটন ডিসিতে অপরাধ কমার দাবি করে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, নির্দিষ্ট নিরাপত্তা হুমকির কারণে মন্ত্রিসভার অনেক কর্মকর্তা শহরে বসবাস করতে না পারলেও রাজধানীকে নিরাপদ ও সুন্দর করার প্রশাসনিক প্রচেষ্টায় তাঁরা ব্যক্তিগতভাবে অবদান রেখেছেন। তবে এই আবাসন ব্যবস্থা ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের প্রশ্নের মুখে পড়েছে।

ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি জর্জ হোয়াইটসাইডসের উদ্যোগে হাউস আর্মড সার্ভিসেস কমিটির অনুমোদন অনুযায়ী, সামরিক সদস্যদের জন্য নির্ধারিত আবাসনে রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা ন্যায্য বাজারমূল্যে ভাড়া দিচ্ছেন কি না, তাঁদের স্থানান্তরের যৌক্তিকতা এবং আইনি ভিত্তি কী, তা নিয়ে পেন্টাগনকে আগামী বসন্তের মধ্যে প্রতিবেদন দিতে হবে।

হোয়াইটসাইডস বলেন, সামরিক সদস্যদের জন্য নির্ধারিত আবাসনে বসবাসকারী রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা ন্যায্য বাজারমূল্যে ভাড়া দিচ্ছেন কি না, তা নিশ্চিত করতে তদন্ত করা প্রয়োজন।

সর্বশেষ অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জর্জটাউনের প্রাসাদ ছেড়ে ওয়াশিংটনের একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে উঠেছেন। ইরানের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার মাধ্যমে অর্থনৈতিক চাপ সৃষ্টি করা বেসেন্ট চলতি মাসে সিএনবিসির ‘স্কোয়াকবক্স’ অনুষ্ঠানে জানান, প্রাণনাশের হুমকির কারণেই তিনি বাসা বদলাতে বাধ্য হয়েছেন।

তিনি বলেন, ইরানি নেতৃত্ব নিপাত যাক। আমি ভীত নই। তারা আমাকে এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের হত্যার হুমকি দিয়েছে। আমরা ভয় পাব না।

সংশ্লিষ্ট সূত্রমতে, নিরাপত্তা উদ্বেগে অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চও সম্প্রতি একটি সামরিক ঘাঁটিতে উঠেছেন। তাঁর পূর্বসূরি পাম বন্ডিও গত বছর সামরিক ঘাঁটিতে বসবাস করেছেন। বিদেশি হুমকির পাশাপাশি রক্ষণশীল কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতার আশঙ্কায়ও অনেকে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন।

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার এবং তাঁর স্ত্রী কেটি চার সন্তানসহ গত বছর ভার্জিনিয়ার বাড়ি ছেড়ে সামরিক আবাসনে ওঠেন। তাঁদের বাড়ির বাইরে এক নারী বিক্ষোভ করে বাড়ির ঠিকানাসংবলিত প্রচারপত্র বিলি করেছিলেন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, মিলার দম্পতি স্থানান্তরিত হয়েছেন কারণ তাদের বাসভবন লক্ষ্য করে সুপরিকল্পিত ও নথিভুক্ত অনুসরণ, ব্যক্তিগত তথ্য ফাঁস এবং হুমকির প্রচারণা চালানো হচ্ছিল।

গত বছর ফোর্ট ম্যাকনেয়ারে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বাসভবন মেরামত ও সংস্কারে সেনাবাহিনী ১ লাখ ৩৭ হাজার ২৯৭ ডলার ব্যয়ের প্রস্তুতি নিচ্ছে বলে জানার পর আইনপ্রণেতাদের সমালোচনার মুখে পড়েন তিনি। আবাসনভেদে কর্মকর্তাদের সাধারণত মাসে ৪ হাজার ৫০০ ডলারের বেশি ভাড়া দিতে হয়। এ ভাড়া নির্ধারণের ক্ষেত্রে জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামার আমলের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের তৈরি নজির অনুসরণ করা হয়।

নেভি হিলে বসবাসকারী গেটসকে শুরুতে স্থানীয় বাজারমূল্য অনুযায়ী মাসে ৬ হাজার ৫০০ ডলারের বেশি ভাড়া দিতে হলেও ২০০৮ সালে পেন্টাগনের যুক্তির পর কংগ্রেস আইন পরিবর্তন করে। ফলে গেটস ও পরবর্তী প্রতিরক্ষামন্ত্রীরা চার তারকা জেনারেলের ভাড়ার চেয়ে মাত্র ৫ শতাংশ বেশি হারে বাসা ভাড়া নেওয়ার সুযোগ পান।

২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস এই সুবিধা নিলেও ২০১৮ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও নৌবাহিনীর আবাসনে থাকতে চাইলে নৌবাহিনীর অভ্যন্তরীণ মেমোতে একে ‘তথ্যগত, আইনি, আর্থিক ও নৈতিক সমস্যার’ কারণে ‘সমস্যাজনক’ বলা হয়। কারণ তখন নৌবাহিনীর ফ্ল্যাগ কর্মকর্তাদের দীর্ঘ অপেক্ষমাণ তালিকা ছিল। পরে পম্পেও ভার্জিনিয়ার ফোর্ট মায়ার ঘাঁটিতে ওঠেন।

আট বছর আগে যা ‘সমস্যাজনক’ ছিল, এখন তা ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। পোটোম্যাক ও অ্যানাকোস্টিয়া নদীর মোহনায় অবস্থিত ফোর্ট ম্যাকনেয়ার ঘাঁটির ‘জেনারেলস রো’-তে মিলার দম্পতি, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ প্রতিবেশী হিসেবে বসবাস করছেন।

চলতি বছর কেটি মিলারের পডকাস্টে রুবিও ও তাঁর স্ত্রী জানান, তাঁদের একটি গোল্ডেনডুডল কুকুর ভুলবশত হেগসেথের সামনের দরজা দিয়ে ঢুকে পড়েছিল।

রুবিও হাস্যরস করে বলেন, এর উল্টো দিক হলো পিটের একটি বিড়াল। প্রায়ই রাতে বাড়ি ফিরে দেখি বিড়ালটি আমার বারান্দায় বসে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন বলছে, তুমি এখানে কী করছ? বিড়ালটি আমার বারান্দায় এমন ভাব করে যেন বলছে, আমার বাড়িতে তুমি কী করছ? আর আমি বলি, না, তোমার বাড়ি দুই দরজা পরে।

ফোর্ট ম্যাকনেয়ার পরিদর্শন করা টমাস কান এটিকে নিজস্ব দোকান ও ওয়াশিংটনের সেরা টেনিস কোর্টসমৃদ্ধ নিজের মতো এক আলাদা জগৎ’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ‘সেখানে এক পরাবাস্তব পরিবেশ বিরাজ করে কারণ জায়গাগুলো সম্পূর্ণ দেয়ালঘেরা। দুঃখজনকভাবে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি বাড়ছে এবং এটি তাদের সাধারণ সমাজ থেকে বিচ্ছিন্নতায় বড় ভূমিকা রাখছে। দুর্ভাগ্যবশত আমরা সম্ভবত এমনটি আরও বেশি দেখতে পাব।

তবে সামরিক আবাসনে আগে বসবাসকারী এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, ঘরগুলো প্রশস্ত হলেও এতে বিলাসবহুল কিছু ছিল না। তিনি বলেন, ধরে নিন এটি শতাব্দীপ্রাচীন একটি বাড়ি ছিল। মানে, এটি সামরিক আবাসন ছিল, যা কেবল কাজ চালানোর মতো।

সূত্র: সিএনএন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ