গণভোটের রায় অস্বীকার করে সংকট তৈরি করা এবং ফ্যাসিবাদীদের লালন-পালনের কারণে দেশে ফ্যাসিবাদ ফিরে আসার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, চব্বিশের আন্দোলনে রক্ত দেওয়া যুবসমাজ বাংলার মাটিতে কোনো ফ্যাসিবাদকে ফিরতে দেবে না।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, গণভোট হয়েছিল রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য নয়। রাষ্ট্র পরিচালনার জন্য হয়েছে সংসদ নির্বাচন। দুটি বিষয় মেনেই সবাই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। কিন্তু একটি দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গণভোটকে অস্বীকার করেছে। সংকটের শুরু সেখান থেকেই।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, মাদক, অস্ত্র, কিশোর গ্যাং ও আইনশৃঙ্খলার চরম অবনতির মধ্যে নির্বাচিত শিক্ষার্থীরা ক্যাম্পাসে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে এনেছেন এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করেছেন। দেশ গড়ার কাজে জামায়াতে ইসলামী যে অঙ্গীকার করেছে এবং সততার মানদণ্ডে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাতে ছাত্রজীবন শেষে শিক্ষার্থীদের যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন।
জামায়াত আমীর বলেন, আজকের বাংলাদেশ ও এ আয়োজন জুলাইয়ের তাজা রক্তের ওপর দাঁড়িয়ে আছে। ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন এ জাতিকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। দেশকে অধীনস্থ ও গোলাম জাতিতে পরিণত করার আয়োজন করা হয়েছিল। জুলাইয়ের জনতা সেই শৃঙ্খল ভেঙে দিয়েছিল।
তিনি বলেন, কোটার ঘোরপ্যাঁচে মেধাকে অবমূল্যায়ন করে দলীয়তন্ত্র প্রতিষ্ঠার আয়োজন করা হয়েছিল। দেশবাসী ও ছাত্রসমাজের ওপর তাণ্ডব চালানো হয়েছিল। এসবের বিস্ফোরণ ঘটেছিল জুলাইয়ে।
জুলাইয়ের আন্দোলনে জামায়াতের ভূমিকা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, অনেক দল আন্দোলনের সঙ্গে নিজেদের সম্পর্ক অস্বীকার করলেও জামায়াতের সেক্রেটারি জেনারেল সংবাদ সম্মেলন করে ছাত্রসমাজের পাশে দাঁড়ানো, সর্বাত্মক সহযোগিতা এবং আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন। এ ক্ষেত্রে কোনো হীনমন্যতা দেখানো হয়নি।
তিনি বলেন, ফ্যাসিবাদ বিশ্ববিদ্যালয়গুলোতে অসুস্থ পরিবেশ, খুনের রাজত্ব, রক্তের দাগ ও লাশের স্তূপ রেখে গিয়েছিল। এসব যন্ত্রণা থেকে ৫ আগস্ট আল্লাহ মুক্তি দিয়েছেন। কিন্তু দুঃখজনকভাবে ৫ আগস্ট পর্যন্ত বর্তমান সরকারের সঙ্গে থাকা ব্যক্তিদের বক্তব্য ও ওয়াদা এক থাকলেও ৫ আগস্টের পর অনেকে বদলে গেছেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে জামায়াত আমির বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে বেশি গতিতে চলছে। যে ফ্যাসিবাদ মানুষের ওপর তাণ্ডব চালিয়েছে, জাতিসংঘের হিসাব অনুযায়ী ১ হাজার ৪০০ মানুষকে শহীদ করেছে এবং ২৪ হাজার মানুষকে পঙ্গু করেছে, সেই ফ্যাসিবাদীদের কেউ কেউ অর্থ, স্বার্থ, ভোট ও সম্পদ ভাগাভাগির বিনিময়ে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এটি শহীদ ও পঙ্গুদের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা। সাধারণ যুবসমাজ এমনটি চায়নি।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্বের বিষয়ে তিনি বলেন, শিক্ষাজীবন শেষে তরুণরা একটি জটিল জায়গায় এসে দাঁড়ায়। সেখানে ভুল সিদ্ধান্ত নিলে সারা জীবনে লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। জাতি এগিয়ে যায় সিনিয়র, অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে। এই সমন্বয় না হলে কোনোভাবেই জাতিকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
তিনি বলেন, তার স্বপ্ন দেশের চার কোটি যুবককে নিয়ে। তরুণরা নেতৃত্বের ককপিটে বসে জাতিকে এগিয়ে নেবে আর অভিজ্ঞরা তাদের পাশে থাকবে। জাতির দায়িত্বভার তরুণদের গ্রহণ করতে হবে। দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন সহজে হয়নি। শিক্ষার্থীদের লড়াই করে নির্বাচন আদায় করতে হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন দিতে চায়নি, রাজনীতিবিদদের একটি অংশও এতে নাখোশ ছিল। যেসব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, সেখানকার শিক্ষার্থীরা বঞ্চিত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিস্থিতি তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, সেখানে গণরুম ও গেস্টরুমের নরক ছিল। শিক্ষার্থীরা সেই সংস্কৃতি গুঁড়িয়ে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়কে যারা অস্থির করে তুলতেন, শিক্ষার্থীরা তাদের প্রতিহত করেছেন। এজন্য তাদের অভিনন্দন জানান তিনি।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সহযোগিতা করেনি। শিক্ষার্থীরা যা করতে পেরেছেন, তা প্রশাসনের সঙ্গে লড়াই করেই করতে হয়েছে। অনুকূল পরিবেশ পেলে তিন গুণ কাজ করা সম্ভব ছিল। প্রশাসনের অসহযোগিতার জবাব একদিন দিতে হবে।
উদ্যোক্তা হওয়ার বিষয়ে তিনি বলেন, স্টার্টআপ গড়ে তুলতে মেধা, ইচ্ছা ও পরিশ্রম গুরুত্বপূর্ণ। এ তিনটি একত্রিত হলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব। এসব সক্ষমতা দেশের তরুণদের রয়েছে। এ নিয়ে কাজ করে জাতিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দলীয়করণের সমালোচনা করে জামায়াত আমীর বলেন, জাতির স্বার্থে দলীয়করণের বিরুদ্ধে তারা প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আসছেন। দলীয়করণের জায়গাগুলো ভেঙে দেওয়ার ব্যাপারে তারা আত্মবিশ্বাসী। সরকার মেরিটোক্রেসির কথা বললেও পলিটোক্রেসির দিকে গেছে। এজন্য সরকারকে মেধাভিত্তিক ব্যবস্থায় ফিরতে বাধ্য করা হবে।
নারী-পুরুষের সমান অধিকার প্রসঙ্গে তিনি বলেন, এ দেশে জন্ম নেওয়া নারী বা পুরুষ প্রত্যেকেই সমান অধিকার ভোগ করবেন। কারও ওপর ধর্ম চাপিয়ে দেওয়ার অধিকার কারও নেই। সমাজ ও দেশ বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেলে টেকসই সমাজ গড়ে উঠবে না। সবার নাগরিক ও মৌলিক মানবিক অধিকার সমানভাবে নিশ্চিত করতে হবে। সবাইকে একই দৃষ্টিতে দেখতে চান তারা।
নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অতীতের নির্যাতনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাদের অনেককে খুন, গুম ও পঙ্গু করা হয়েছে। বুলডোজার দিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের আইনি প্রতিকার চাওয়ার অধিকার রয়েছে। তবে কোনো নিরীহ মানুষকে মামলার আসামি করা যাবে না বলে তাদের সতর্ক করা হয়েছে।











