spot_img
spot_img

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে বসছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর) থেকে শুরু হওয়া এ মতবিনিময় চলবে আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) পর্যন্ত।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দিনের মতবিনিময়ে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৮টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে জামায়াত অ্যালায়েন্সের তিনটি দল মৌখিকভাবে অংশ না নেওয়ার কথা জানিয়েছে। ফলে রোববার ১৫টি দলের সঙ্গে মতবিনিময় হতে পারে।

শনিবার (২৮ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানান। প্রথম দিনের মতবিনিময় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের নিজস্ব পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সভাটি সরাসরি সম্প্রচার করা হবে।

তিন দিনে মোট ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। এর মধ্য দিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ নিতে চায় ইসি।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় সংলাপে এককভাবে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। জোটের পক্ষ থেকে আলাদা সময় বরাদ্দ দিয়ে সংলাপ আয়োজনের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করার সিদ্ধান্ত হয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, ‘আমরা ১১ দলের পক্ষ থেকে একটি আবেদন করব, যাতে নির্বাচন কমিশন আলাদা একটি সময় ১১ দলের জন্য বরাদ্দ করে সে অনুযায়ী সংলাপের আয়োজন করে। এ ব্যাপারে বৈঠকে ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ