পশ্চিমবঙ্গের সব সরকার-স্বীকৃত মাদরাসায় শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে কেবল রবিবার ছুটি রাখার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ মাদরাসা শিক্ষা পর্ষদ। অবিলম্বে এ নির্দেশ কার্যকর করার কথা জানানো হয়েছে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুসলিম সংখ্যালঘুদের ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক পরিসরে একের পর এক বিধিনিষেধ আরোপের ধারাবাহিকতায় নতুন এ সিদ্ধান্ত নিয়েছে বলে সমালোচনা উঠেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) জারি করা এবং শনিবার (২৮ নভেম্বর) পর্ষদের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে রবিবার ছাড়া সপ্তাহের অন্য কর্মদিবসে নিয়মিত সাপ্তাহিক ছুটি বাতিলের ঘোষণা দেওয়া হয়। এতে রাজ্যের সব স্বীকৃত মাদরাসার প্রধানদের অবিলম্বে নতুন নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের মাদরাসাগুলোর দৈনন্দিন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং ২০২৬ সালের শিক্ষাপঞ্জি বাস্তবায়নের স্বার্থে এ নির্দেশ দেওয়া হয়েছে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ২৫ নম্বর ধারা এবং পর্ষদের ২০২৫ সালের ২৪ ডিসেম্বরের পূর্ববর্তী বিজ্ঞপ্তির বিধান অনুযায়ী, পর্ষদের অধীন সব স্বীকৃত মাদরাসাকে কেবল রবিবার সাপ্তাহিক ছুটি হিসেবে পালন করতে হবে।
এতে আরও বলা হয়, রবিবার ছাড়া সপ্তাহের অন্য কোনো দিনে অতিরিক্ত নিয়মিত সাপ্তাহিক ছুটি পালন অবিলম্বে বন্ধ করতে হবে। তবে শিক্ষাপঞ্জি অনুযায়ী ধর্মীয় উৎসব, জাতীয় দিবস এবং সরকার বা উপযুক্ত কর্তৃপক্ষ ঘোষিত বিশেষ ছুটির ক্ষেত্রে এ নির্দেশ প্রযোজ্য হবে না।
পাঠ্যক্রম সংস্কার, স্কুলের বেতন কাঠামো পুনর্নির্ধারণ, শিক্ষার্থীদের পোশাকবিধি এবং বায়োমেট্রিক হাজিরা চালুর মতো শিক্ষাব্যবস্থায় রাজ্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের মধ্যেই মাদরাসার সাপ্তাহিক ছুটি নিয়ে এ সিদ্ধান্ত এলো।
দশকের পর দশক ধরে পশ্চিমবঙ্গের বেশ কিছু মাদরাসায় জুমার নামাজে অংশগ্রহণের সুবিধার্থে শুক্রবার সাপ্তাহিক ছুটি পালন করা হতো। ওই দিনের পড়াশোনার ঘাটতি পুষিয়ে নিতে রবিবার প্রতিষ্ঠানগুলো খোলা থাকত। নতুন নির্দেশনার মাধ্যমে দীর্ঘদিনের এ প্রথায় পরিবর্তন আনা হলো। রাজ্যের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে স্বীকৃত মাদরাসাগুলোর সাপ্তাহিক ছুটির নিয়মেও সামঞ্জস্য আনার কথা জানিয়েছে পর্ষদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ মাদরাসা শিক্ষা পর্ষদ বা অন্য উপযুক্ত কর্তৃপক্ষের ঘোষিত জনসমাগমমূলক অনুষ্ঠান, ধর্মীয় উৎসব, জাতীয় দিবস কিংবা বিশেষ কারণে ছুটির ওপর এ নির্দেশের কোনো প্রভাব পড়বে না।
এর আগে গত অক্টোবরে ভারতের উত্তরাখণ্ড সরকার রাজ্যের ২০৬টি স্বীকৃত মাদরাসায় শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছিল। এবার পশ্চিমবঙ্গেও একই ধরনের নির্দেশনা জারি করা হলো। সাম্প্রতিক মাসগুলোতে রাজ্যটিতে মাদরাসা প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারিও বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে পর্যাপ্ত নথিপত্রের অভাব, অবকাঠামোগত ঘাটতি, শিক্ষক ও শিক্ষার্থীর অপর্যাপ্ততা এবং অর্থায়নের উৎসে অসংগতিসহ বিভিন্ন নিয়ম লঙ্ঘনের অভিযোগে পশ্চিমবঙ্গের ২২টি জেলার ২৫২টি অননুমোদিত মাদরাসা বন্ধের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার।
সূত্র: পশ্চিমবঙ্গ মাদরাসা শিক্ষা পর্ষদ, পিটিআই, আনন্দবাজার পত্রিকা, দ্য টেলিগ্রাফ











