পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা ও তার দুই ভাইকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিবির প্রধান মো. শফিকুল ইসলাম স্টার নিউজকে জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়। পরে মিরপুর ডিওএইচএস থেকে শায়লা ফারজানা ও তার দুই ভাইকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) তালিকাভুক্ত আসামি শায়লা ফারজানা। তার পলাতক স্বামী মনিরুল ইসলামের নির্দেশনায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন বলে দাবি করেন ডিবি প্রধান। সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, শায়লা ফারজানা ১৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারে যোগ দেন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ৮ সেপ্টেম্বর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অন্যদিকে, মনিরুল ইসলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান। তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক রয়েছেন।











