নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সময় তাকে দেওয়া সুযোগ-সুবিধা নিয়ে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল বলেন, জিয়াউল আহসানের মতো আর কোনো আসামিকে এত সুযোগ-সুবিধা দেওয়া হয়নি। এরপরও তিনি না পাওয়ার গল্পই মিডিয়ায় জানিয়ে যাচ্ছেন।
রোববার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন চলাকালে এ মন্তব্য করেন ট্রাইব্যুনাল।
নিরাপত্তাজনিত কারণে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি বিচারকাজে অংশ নিচ্ছেন জিয়াউল আহসান। তার পক্ষে আইনি লড়াই করছেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার।
এর আগে, গত ২৬ নভেম্বর তৃতীয় দিনের সমাপনী বক্তব্যে প্রসিকিউশনের পক্ষে জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি দাবি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি জিয়াউল আহসানকে নৃশংস খুনি, মানবতাবিরোধী অপরাধী, আন্তর্জাতিক আইনে স্বীকৃত বিশ্বাসঘাতক, জঘন্য সিরিয়াল কিলার ও বিশ্বমানবতার কলঙ্ক বলে উল্লেখ করেন।
তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার পাশাপাশি সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আদেশ প্রার্থনা করেন অ্যাটর্নি জেনারেল। একই দিন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও তার সর্বোচ্চ সাজা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন।











