সিলেটে এক ঘণ্টার ব্যবধানে পঞ্চমবারের মতো ভূকম্পন অনুভূত হয়েছে।
শনিবার (২৯ মে) সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে সাড়ে ১১টা পর্যন্ত অন্তত পাঁচবার সিলেট অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানাগেছে।
তবে এখন পর্যন্ত কত মাত্রার ভূমিকম্প হয়েছে, এর উৎপত্তিস্থল কোথায়, এসব বিষয়ে কিছুই জানাতে পারেনি সিলেট আবহাওয়া অফিস।
ঢাকা আবহাওয়া অধিদফতর থেকে বলা হয়েছে, সিলেট এলাকায় এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। প্রথমবার ১০টা ৩৬ মিনিটে ৩ মাত্রার, ১০টা ৫১ মিনিটে ৪ দশমিক ১ এবং ১১টা ২৯ মিনিটে ২ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এরপর কয়েকবার আফটার শক হয়েছে।
এখন পর্যন্ত কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
খুব কম সময়ের ব্যবধানে দফায় দফায় হানা ভূমিকম্পের আঘাতে সিলেটজুড়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
অপরদিকে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইএমএসসি বলছে, শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৬ মিনিটে সিলেটের ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে ভারতের আসাম-মেঘালয় অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ ও গভীরতা ছিল ১৫ কিলোমিটার।











