চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাস সংক্রমণের কারণে চলমান লকডাউন বা বিধি-নিষেধ আগামী এক সপ্তাহ বাড়ানো হয়েছে।
সোমবার (৩১ মে) বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এ ঘোষণা দেন।
তিনি বলেন, করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধি-নিষেধের সময়সীমা আগামী ৭ জুন মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।
তিনি আরও বলেন, লকডাউন চলাকালীন সব ধরনের দোকানপাট ও সাপ্তাহিক হাট বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার, নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং ফার্মেসি খোলা থাকবে। কেউ জরুরি প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করে যেতে হবে। এমনকি জুমাসহ পাঁচ ওয়াক্ত নামাজে ২০ জনের বেশি অংশ নিতে পারবেন না।
সোমবার রাত ১২টার পর থেকে আগামী রোববার পর্যন্ত গোটা জেলায় আরও সাত দিনের কঠোর লকডাউন থাকবে। তবে এ সময়ে জরুরি পরিসেবা চালু থাকবে। জরুরি পরিষেবা যেমন- কৃষি উপকরণ, খাদ্যশস্য পরিবহন, কোভিড টিকা, ত্রাণ বিতরণ, গণমাধ্যমকর্মী, ইন্টারনেট লাইন সংযোগ সংশ্লিষ্টরা লকডাউনের আওতার বাইরে থাকবেন।
এছাড়া সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী ট্রাক চলাচল করবে। শিল্প কলকারখানার শ্রমিকরা নিজস্ব পরিবহনে যাতায়াত করবেন।












