সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মোবাইলে ফ্রি-ফায়ার ও পাবজি গেম খেলতে না দেওয়ায় ১৬ বছর বয়সী মোরসালিন নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (৪ জুন) বিকেলে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চন্দনগাঁতী জামতলা গ্রামে এই ঘটনা ঘটে।
মোরসালিন ওই গ্রামের শাহ আলম মল্লিকের ছেলে ও সরকারি সোহাগপুর এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা জানান, মোরসালিন দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে ফ্রি- ফায়ার ও পাবজি গেমসে আসক্ত ছিল। তার মা ৩ দিন আগে মোবাইলে গেম খেলা নিষেধ করে ও সেট কেড়ে নেয়। এরপর থেকে সে ভাত খাওয়া ছেড়ে দেয়। এ নিয়ে মায়ের সাথে মনোমালিন্য হয়।
ওসি জানান, বিকেলে সে অভিমান করে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে বেলকুচি থানা-পুলিশ ঘটনাস্থল থেকে নিহতর লাশ উদ্ধার করে। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।












