spot_img
spot_img

কাশ্মিরে ৩৪ লাখ বহিরাগতকে বসতির অনুমতি দিয়েছে ভারত

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেছেন, ভারতের দখলকৃত জম্মু-কাশ্মির অঞ্চলের স্থানীয় জনসংখ্যার ভারসাম্য পরিবর্তনে নয়াদিল্লি অকাশ্মিরিদের বসতি স্থাপনের ৩৪ লাখ ভুয়া অনুমতি দিয়েছে।

তিনি বলেন, ভারত দখল করা ভূমির জনসংখ্যার কাঠামো পরিবর্তনের নকশা অব্যাহত রেখেছে, যা চতুর্থ জেনেভা কনভেনশনসহ আন্তর্জাতিক সকল আইনের লঙ্ঘন।

বৃহস্পতিবার (১০ জুন) ইসলামাবাদে মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কাশ্মিরিরা ইতোমধ্যেই গত ২২ মাস নজিরবিহীন সামরিক দখলদারিত্ব, যোগাযোগ বিচ্ছিন্নতা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন।

কাশ্মিরের স্বায়তশাসনে ভারতীয় সংবিধানের সংশ্লিষ্ট ধারা নয়াদিল্লির বিলুপ্ত করার দিকে ইঙ্গিত করে জাহিদ হাফিজ চৌধুরী বলেন, ২০১৯ সালের ৫ আগস্ট ভারতের অবৈধ একতরফা পদক্ষেপের মধ্য দিয়ে কাশ্মিরি জনগণের জীবন ও জীবিকা মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আরও বলেন, দখল করা ভূমিতে রাষ্ট্রীয় সন্ত্রাসের অংশ হিসেবে ভারত কাশ্মিরি নারীদের ধর্ষণ, নির্যাতন, অবমাননাকর আচরণ ও হত্যার শিকারে পরিণত করার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, অধিকৃত ভূমিতে ভারতের স্থূল ও নিয়মতান্ত্রিক মানবাধিকার লঙ্ঘন এবং অপরাধীদের কাছ থেকে জবাবদিহিতা আদায় না হওয়ার বিষয়টি জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনসহ মানবাধিকার সংস্থা, বৈশ্বিক গণমাধ্যম ও সারাবিশ্বের নাগরিক সমাজ নজর রাখছেন।

২০১৯ সালের ৫ আগস্ট হিন্দুত্ববাদী ভারতীয় জনতা দলের (বিজেপি) নিয়ন্ত্রিত ভারতের কেন্দ্রীয় আইনসভা লোকসভায় কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার বিষয়ক সংবিধানের সংশ্লিষ্ট ৩৭০ ধারা বাতিল করা হয়। কেন্দ্রীয় সরকার ভারতীয় নিয়ন্ত্রণাধীন পুরো কাশ্মির অঞ্চলকে দুই ভাগ করে বিভক্ত অঞ্চলটির ওপর কেন্দ্রের শাসন চাপিয়ে দেওয়া হয়।

সূত্র: ইয়েনি শাফাক

spot_img
spot_img
spot_img

সর্বশেষ