spot_img
spot_img

যুদ্ধবিরতির মধ্যেও গাজ্জায় ইসরাইলি হামলা, নারীসহ আহত ৪

যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘন করে গাজ্জা উপত্যকার বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের বাহিনী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গাজ্জা শহরের একটি বাড়িতে হামলায় তিন ফিলিস্তিনি আহত হয়েছেন। এ ছাড়া উত্তরাঞ্চলীয় জাবালিয়ায় ইসরাইলি বাহিনীর গুলিতে এক নারী আহত হয়েছেন। একই দিনে উপত্যকার বিভিন্ন এলাকায় গুলিবর্ষণ, গোলাবর্ষণ ও স্থাপনা ধ্বংসের ঘটনা ঘটেছে।

ফিলিস্তিনি তথ্যকেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, গাজ্জা শহরের পূর্বাঞ্চলীয় তুফ্ফাহ এলাকায় কারিম পরিবারের একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় তিনজন আহত হয়েছেন। একই সময়ে ওই এলাকার পূর্বাঞ্চল ও গাজ্জা শহরের উত্তর-পশ্চিমে ইসরাইলি সামরিক যান থেকে ব্যাপক গুলিবর্ষণ করা হয়েছে। শহরের পূর্বাঞ্চলে গোলাবর্ষণের ঘটনাও ঘটেছে।

গাজ্জা শহরের উপকূলের দিকেও ইসরাইলি যুদ্ধজাহাজ থেকে গুলিবর্ষণ করা হয়েছে। একই সঙ্গে উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের সমুদ্রেও যুদ্ধজাহাজ থেকে গুলি চালানোর খবর জানিয়েছে ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা।

উপত্যকার উত্তরাঞ্চলে বাইত লাহিয়ার উত্তর-পশ্চিমে ইসরাইলি বাহিনী একটি স্থাপনা ধ্বংস করেছে। এ ছাড়া জাবালিয়ার আবু শারখ মোড়ের কাছে ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নারী আহত হয়েছেন।

বাইত লাহিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আত্তাতারা এলাকায় ইসরাইলি সামরিক বুলডোজার প্রবেশ করেছে। গাজ্জা শহরের উত্তর-পশ্চিমাঞ্চলেও ইসরাইলি সামরিক যান থেকে গুলিবর্ষণের খবর পাওয়া গেছে।

মধ্যাঞ্চলের আল-বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বদিকে ইসরাইলি সামরিক যান থেকে গুলিবর্ষণ করা হয়েছে। দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ব্যাপকভাবে স্থাপনা ধ্বংস করেছে দখলদার বাহিনী। একই সময়ে খান ইউনিসের পূর্বাঞ্চল ও দেইর আল-বালাহ এলাকায় ইসরাইলি হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয়েছে।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) খান ইউনিসের মধ্যাঞ্চলে ইসরাইলি হামলায় এক ফিলিস্তিনি নিহত হন। একই দিনে উত্তরাঞ্চলীয় জাবালিয়ায় ইসরাইলি বাহিনীর গুলিতে আরও দুই ফিলিস্তিনি আহত হন।

২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজ্জার বিভিন্ন এলাকায় ইসরাইলি সামরিক অভিযান, গুলিবর্ষণ ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো এসব ঘটনাকে যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।

এদিকে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উপত্যকার হাসপাতালগুলোতে পাঁচজনের মরদেহ ও ২৫ জন আহত ব্যক্তিকে আনা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৭৩ হাজার ৯১৯ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৯৭৭ জন।

২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৩৯৯ জন ফিলিস্তিনি শহীদ এবং ৪ হাজার ৮৬৩ জন আহত হয়েছেন। একই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৩৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, উদ্ধারকারী ও অ্যাম্বুলেন্স দলগুলো পৌঁছাতে না পারায় এখনো বহু হতাহত ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে এবং বিভিন্ন সড়কে পড়ে রয়েছেন।

সূত্র : ফিলিস্তিনি তথ্যকেন্দ্র, ওয়াফা, সাফা নিউজ ও গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়

spot_img
spot_img
spot_img

সর্বশেষ