মাদারীপুরে মানববন্ধন আয়োজনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় আটটি মোটরসাইকেল ও বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়।
শনিবার (১২ জুন) ঢাকা-বরিশাল মহাসড়কের কলাবাড়ি স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের বাবা মুক্তিযোদ্ধা মৌলভী আছমত আলী খানকে নিয়ে কটূক্তি করায় মাদারীপুরে বেশ কিছুদিন ধরে মানববন্ধন করছেন তার সমর্থকরা। শনিবার কটূক্তিকারী জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লার পদত্যাগের দাবিতে মহাসড়কের কলাবাড়ি স্ট্যান্ড এলাকায় মানববন্ধন আয়োজন করে শাজাহান সমর্থকরা।
একই স্থানে শাহাবুদ্দিন মোল্লার সমর্থকরা মানববন্ধন করতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় আটটি মোটরসাইকেল ও আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় দুই পুলিশসহ ১৫ জন আহত হন।












