রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘এয়ারপোর্ট রেস্টুরেন্ট’ থেকে ২০০ টি মরা মুরগি জবাই করে রান্নার প্রস্তুতি নেওয়ার সময় ৭ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ জুন) বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।অভিযানের নেতৃত্ব দেন বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী আফরোজ। আটকৃতদের মধ্যে ওই রেস্টুরেন্টের ম্যানেজার রবিউল রয়েছেন।
জানা গেছে, দীর্ঘ দিন ধরে বিমানবন্দর এয়ারপোর্ট রেস্টুরেন্ট কর্তৃপক্ষ গোপনে মরা মুরগিসহ নিম্নমানের খাবার বিক্রি করে আসছিল। এছাড়া উচ্চ মুল্যে খাবার বিক্রি করার অভিযোগ উঠেছে ওই রেস্টুরেন্ট কর্মচারীদের বিরুদ্ধে। দীর্ঘ দিন ধরে গোপনে মরা মুরগি জবাই দিয়ে বিমান যাত্রী, স্বজন ও বিমানবন্দরে কর্মরত সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মচারীদের কাছে বিক্রি করে আসছিলেন রেস্টুরেন্ট কর্মচারীরা। এতোদিন গোপন থাকলেও শনিবার বিমানবন্দর এপিবিএন পুলিশের নজরে ধরা পড়ে।
বিমানবন্দর এপিবিএন পুলিশ জানায়, বিমানবন্দর এলাকায় মানুষের খাবারের একমাত্র রেস্টুরেন্ট হচ্ছে এয়ারপোর্ট রেস্টুরেন্ট। এখানে দেশি-বিদেশি বিমান যাত্রী, স্বজন ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীরা খাওয়া-দাওয়া করেন।
বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মুহাম্মাদ জিয়াউল হক জানান, আমাদের সাদা পোশাকের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এয়ারপোর্টের কাস্টমস হাউসের পার্শ্ববর্তী এয়ারপোর্ট রেস্টুরেন্ট থেকে ২০০ মরা মুরগিসহ হাতেনাতে ৭ জনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।












