জাতীয় সংসদে এমপিদের কোনও প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ হচ্ছে না মন্তব্য করে ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি সাবের হোসেন চৌধুরী বলেছেন, তারা সংসদে আছেন শুধু হ্যাঁ বা না বলার জন্য।
একইসঙ্গে প্রাক-বাজেট আলোচনা আরও অংশগ্রহণমূলক করা দরকার বলেও মনে করেন আওয়ামী লীগের এই নেতা।
শনিবার (১২ জুন) বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাবের হোসেন চৌধুরী বলেন, তথ্যের ঘাটতির চেয়ে অসংগতি বড় বিষয়। দেশে নতুন দরিদ্র আছে কি নেই, তা নির্ভর করবে তথ্যের ওপর। সরকারি দফতরের কাছে এ তথ্য নেই। বিবিএসের সক্ষমতা বাড়ানো দরকার।
তিনি বলেন, যেসব সিদ্ধান্ত তথ্যের ওপর ভিত্তি করে নেওয়া হয়, সেগুলো হালনাগাদ না থাকলে সরকার কীভাবে সিদ্ধান্ত নিচ্ছে।











