spot_img
spot_img

আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলি, নারী শ্রমিক নিহত

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) লেনী ফ্যাশনের শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। এতে ইপিজেডের গোল্ডটেক্স কারখানার জেসমিন বেগম (৩০) নামে এক নারী শ্রমিক নিহত ও অন্তত পাঁচ শ্রমিক আহত হন। জানা গেছে, পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মারা গেছেন ওই নারী শ্রমিক।

রবিবার (১৩ জুন) সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের নতুন ইপিজেড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোষাক শ্রমিকরা।

শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ৪-৫ মাসের বকেয়া বেতন না দিয়ে কারখানায় তালা মেরে দেয়। তাই শ্রমিকরা তাদের পাওনার জন্য বেপজার গেটের সামনে বিক্ষোভ করে। পুলিশ এতে বাধা দিয়ে শ্রমিকদের ওপর লাঠিচার্জ করে, টিয়ারশেল নিক্ষেপ করে ও জলকামান দিয়ে পানি মারে।

শ্রমিকরা আরও জানান, লেনী ফ্যাশনের ছয় হাজার শ্রমিক এখন মানবেতর জীবনযাপন করছেন। শ্রমিকরা যাতে তাদের বকেয়া বেতন পান, তার ব্যবস্থা যেন বেপজা কর্তৃপক্ষ করে।

শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার অনেকবার চেষ্টা করে পুলিশ। তারা পুলিশের বাধা উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ও গাড়ি ভাঙচুর চালান। পরে পুলিশ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে রাস্তা ক্লিয়ার করেছে। এ সময় পুলিশ হালকা কাঁদানে গ্যাস ও পানি ছিটিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

তিনি আরও বলেন, লেনী ফ্যাশন কারখানার মালিক একজন ভারতীয়। অনেক দিন আগে থেকেই করোনার কারণে মালিক ফ্যাক্টরিতে আসেন না। কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ