ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, রাজধানীর মগবাজারে ভবনে বিস্ফোরণ নাশকতার নয়, নাশকতা হলে বোমা বিস্ফোরিত হতো।
রোববার (২৭ জুন) রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
শফিকুল ইসলাম বলেন, নাশকতা হলে সেখানে স্প্লিন্টার পাওয়া যেত, স্প্লিন্টারের আঘাতে মানুষ ক্ষতবিক্ষত হতো। কিন্তু বাসে কোনো স্প্লিন্টারের কণা পাওয়া যায়নি। অতএব নিশ্চিতভাবে বলা যায় গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে, বোমার কোনো ঘটনা এখানে নাই। এসময় তিনি জানান, রাজধানীর মগবাজারে ভবনে বিস্ফোরণে সাতজন মারা গেছেন। বিস্ফোরণ আশপাশের সাতটি ভবন ক্ষতিগ্রস্ত ছাড়াও তিনটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকায় তিনতলা ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দের পর ওই এলাকা কেঁপে ওঠে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, ভবনটির নিচতলায় সিঙ্গার শো-রুম, শর্মা হাউস ও গ্র্যান্ড কনফেকশনারি দোকান রয়েছে। বিস্ফোরণে ভবনের ধসে পড়েছে। এ ছাড়া সিঙ্গার শো-রুমের ভেতর থেকে জেনারেটর উড়ে এসে রাস্তায় বাসে পড়ে। এতে দুটি বাসের কাচসহ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।












