দক্ষিণ আফ্রিকার সাবেক রাষ্ট্রপতি জ্যাকব জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
মঙ্গলবার (২৯ জুন) তিন মাস আগে আদালত অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় দেশটির আদালত সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে ১৫ মাসের এই কারাদণ্ডাদেশ প্রদান করেন।
জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি জ্যাকব জুমা ২০০৯ সাল থেকে ১৮ সাল পর্যন্ত দুই মেয়াদে ক্ষমতায় থাকাকালীন নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়া তার বিরুদ্ধে ১৯টি মামলা দায়ের করা হয়েছে।
দুর্নীতি তদন্তের জন্য এপ্রিল মাসে দেশটির প্রধান বিচারপতি রেমন্ড জন্ডোর নেতৃত্বে জন্ডো কমিশন গঠন করা হয়। কমিশনে সাবেক রাষ্ট্রপতি জ্যাকব জুমা সশরীরে উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি কয়েক দফায় নানা সমস্যা দেখিয়ে উপস্থিত হতে ব্যর্থ হন। সংবিধান অনুযায়ী যেটি ছিল আদালত অবমাননা। তবে ৫ কর্মদিবসের মধ্যে সাবেক এই রাষ্ট্রপতিকে পুলিশের সহযোগিতা নিয়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকা স্বাধীন হওয়ার পর থেকে জ্যাকব জুমা একমাত্র রাষ্ট্রপতি যিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েও ১৯টি দুর্নীতি মামলার অভিযুক্ত হয়েছেন।












