পাশ্চাত্যের অনেক দেশেই মৃত্যুদণ্ড নিষিদ্ধ। তাদের যুক্তি, অপরাধ যতই ঘৃণ্য হোক না কেন, সভ্য সমাজ বা রাষ্ট্র কি প্রাণদণ্ড দিতে পারে? আলোচনা-সমালোচনা, তর্ক-বিতর্ক বহু দিনের। নতুন নয় মার্কিন সমাজেও।
এমতাবস্থায় বৃহস্পতিবার (১ জুলাই) রাতে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত এলো আমেরিকার বিচার বিভাগের তরফ থেকে।
মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড ঘোষণা করলেন, মৃত্যুদণ্ডের নীতি ও প্রক্রিয়া খতিয়ে দেখছে বিচার বিভাগ। তাই আমেরিকার সব মৃত্যুদণ্ডের ওপর সাময়িকভাবে স্থগিতাদেশ জারি করা হচ্ছে।
ঘটনাচক্রে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন তার প্রশাসন শেষ ছয় মাসে ১৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। এত অল্প সময়ে এতজনের চরম শাস্তি আমেরিকার ইতিহাসে বিরল ঘটনা। অন্য দিকে, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে জো বাইডেন ইঙ্গিত দিয়েছিলেন, ক্ষমতায় এলে তার প্রশাসন মানবতার পথে হাঁটবে।
সেই সূত্রেই বাইডেন প্রশাসনের গতকাল রাতের এই ঘোষণা তাৎপর্যপূর্ণ।
সূত্র: বর্তমান












