ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ যেভাবে ভোট-পরবর্তী হিংসা-হামলার ঘটনার তদন্ত করেছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকারের কড়া সমালোচনা করে পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, রাজ্য প্রশাসন হামলায় আক্রান্তদের আতঙ্ক দূর করার মতো পরিবেশ তৈরি করতে পারেনি।
শুক্রবার (২ জুলাই) ভোট-পরবর্তী সহিংসতার সব ঘটনায় এফআইআর দায়ের করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে তারা।
সেই সঙ্গে বলেছে, যে-সব নাগরিক ওই সব হিংসার ঘটনার শিকার, আদালতে তাদের গোপন জবানবন্দিরও ব্যবস্থা করতে হবে।
রাজ্য সরকারের বক্তব্য, তারা এই নির্দেশ পুনর্বিবেচনার অনুরোধ (রিভিউ পিটিশন) জানাবে হাই কোর্টে। কারণ, সরকার মনে করছে, এই মামলায় আদালতে নিজেদের বক্তব্য পেশ করার পর্যাপ্ত পরিসর মেলেনি। সহিংসতার ঘটনায় প্রশাসন কী কী পদক্ষেপ করেছে এবং কোথায় কোথায় অভিযোগের সত্যতা মেলেনি, তার নির্দিষ্ট তথ্য সরকারের কাছে রয়েছে এবং তারা সেই তথ্য ফের আদালতে তুলে ধরবে। কোনও একপেশে বক্তব্য আদালতে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না রাজ্য সরকার।
সূত্র : আনন্দবাজার পত্রিকা












