নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, ভারত করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নজর দেয়নি। তার বদলে বিশ্বের কাছে কৃতিত্ব নিতেই বেশি ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাবখানা এমন ছিল গোটা বিশ্ব তারাই করোনা থেকে রক্ষা করবেন। এই আচরণ স্কিৎজোফ্রেনিয়ার (মানসিক রোগ) সমতুল্য।
শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় মুম্বাইয়ের রাষ্ট্রসেবা দল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, মোদি সরকারের সমালোচনায় এসব কথা বলেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
তার মতে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। যে কারণে দেশটিতে করোনাভাইরাস এত ভয়াবহ রূপ ধারণ করেছে। যখন দরকার তখন সরকার ভয়ঙ্কর অতিমারী সমস্যার মোকাবেলা না করে শুধু নিজেদের কৃতিত্ব দাবি করতে ব্যস্ত ছিলেন। তাই এই সমস্যা বেড়েছে।
তিনি বলেন, শুধু দেশের মধ্যে নিজেদের মহৎ ভাবা নয়, গোটা দুনিয়াকে রক্ষা করার কৃতিত্ব নেয়া শুরু করেছিল এই সরকার। আর সেই সময়ের মধ্যেই ভারতে করোনা সমস্যা আরো বেড়েছে। শুধুমাত্র ভারতের স্বাস্থ্য পরিষেবা ব্যর্থ হয়েছে তাই নয়। এই সময়ের মধ্যে দেশের অর্থনীতিও দুর্বল হয়েছে। এর দায় সরকারকেই নিতে হবে।












