চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, যারা নগরীর রাস্তাঘাট, ফুটপাত দখল করে ও নালার ওপর স্ল্যাব নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন তারা নিজ উদ্যোগে দ্রুত এসব অবৈধ স্থাপনা অপসারণ করবেন। অবৈধ স্থাপনা উচ্ছেদে কোন ধরণের শৈথিল্য দেখানোর অবকাশ নেই।
শনিবার (৩ জুলাই) সকালে নগরীর ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডস্থ মা ও শিশু হাসপাতাল সংলগ্ন রাস্তার দুই পাশে নালা, ফুটপাত ও রাস্তার ওপরে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পর্যবেক্ষণকালে মেয়র এ কথা বলেন।
মেয়র বলেন, ফুটপাতের ওপর স্থাপিত অবৈধ দোকানপাটের ময়লা আবর্জনা সরাসরি নালায় ফেলে জলাবদ্ধতার সৃষ্টি এবং নগরীর সৌন্দর্য্য নষ্ট করা হচ্ছে। ব্যক্তি বিশেষের কারণে সাধারণ জনগণ কষ্ট পাবে, তা মেনে নেওয়া যায় না।
মেয়র আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সকল অবৈধ স্থাপনা ও নালার ওপর অবৈধভাবে নির্মিত স্ল্যাব উচ্ছেদের কার্যক্রম হাতে নিয়েছে। কেউ যদি নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা অপসারণ না করেন, তাহলে চসিকের উচ্ছেদ কার্যক্রমের ব্যয় বহন করতে হবে ও আইনের আওতায় আনা হবে।
সূত্র: বাসস












