ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। এ সময় দূতাবাস ভবনের নিরাপত্তা রক্ষায় স্থাপিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে অন্তত চারবার ড্রোনগুলোকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) ভোররাতে একাধিক ড্রোন মার্কিন দূতাবাসের আকাশে চক্কর দিতে থাকলে সেখানকার সাইরেনগুলো বেজে ওঠে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সেগুলোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় গ্রিনজোনের নিকটবর্তী আল-কাররাদা, আল-জাদরিয়া ও আল-কাদিসিয়া এলাকা থেকে ওই গুলিবর্ষণের শব্দ শোনা যায়।
ইরাকের সাবেরিন নিউজ জানায়, একটি বোমাভর্তি ড্রোন মার্কিন দূতাবাসের ভেতরে অবস্থিত সামরিক ভবনে আছড়ে পড়ে।
শাফাক নিউজ জানায়, তিনটি ড্রোন দিয়ে মার্কিন দূতাবাসে হামলা চালানো হয় যার সবগুলো বিধ্বস্ত হয়েছে। তবে এই সংঘর্ষের ঘটনায় কারও হতাহত হওয়ার বা সম্পদের ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি।
সূত্র: পার্সটুডে












