ভারতে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যজুড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১০ জুলাই) পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর, ব্লক ও গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের ব্যাপক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল নেতা-কর্মীরা প্রতিবাদ মিছিল করেন, স্লোগান দেন এবং প্রতিবাদ সূচক বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। অনেক জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতল পোড়ায় তৃণমূল কর্মীরা।
রাজ্যটির দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরে রাস্তার ওপরে মোটর বাইকসহ টায়ার জ্বালিয়ে, মাটির চুলায় কাঠ জ্বালিয়ে রান্নার মাধ্যমে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতল পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
উত্তর ২৪ পরগণা জেলার হাবড়ায় অবস্থান বিক্ষোভে শামিল হন রাজ্যের রাজ্যের বন ও অপ্রচলিত শক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার বক্তব্যে বলেন, বিশ্ব বাজারে তেলের দাম অনুযায়ী ভারতে তেলের দাম হওয়া উচিত ৪৩ টাকা। কিন্তু দেশে এক লিটার পেট্রোলের দাম একশো টাকা ছাড়িয়ে গেছে।
এসময় ‘নরেন্দ্র মোদিকে পদত্যাগ করতে হবে, নরেন্দ্র মোদি দূর হটো, গ্যাসের দাম বাড়ছে কেন নরেন্দ্র মোদি জবাব দাও, পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে কেন নরেন্দ্র মোদি জবাব দাও, জবাব দাও’ ইত্যাদি স্লোগান দেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার সঙ্গে গলা মেলান দলীয় কর্মী-সমর্থকরা।
সূত্র : পার্সটুডে












