সুনামগঞ্জের শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলীর ওপর হামলার দায়ে এক যুবলীগ নেতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, শাল্লা উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু (৩৮)। উপজেলার ঘুঙ্গিয়ারগাও গ্রামের বাসিন্দা রতন রায় (২৮)।
ভুক্তভোগী ওই এসআইয়ের ওপর হামলার ঘটনায় করা মামলার বরাত দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম বলেন, গত সোমবার (১২ জুলাই) মধ্যরাতে ডিউটি শেষ করে থানা থেকে বের হয়ে বাড়ি যাওয়ার পথে কয়েকজন যুবক এসআই শাহ আলীর ওপর হামলা চালিয়ে তাকে আহত করে। আহত শাহ আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি নূর আলম আরও বলেন, এ ঘটনায় জড়িত অপুসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই জনকে মঙ্গলবার সন্ধ্যায় আদালতে পাঠানো হয়েছে। তবে, কী কারণে এ হামলা হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত শেষে জানা যাবে।












