spot_img
spot_img

হামাস সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের পেজ ব্লক করল ফেসবুক

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সংশ্লিষ্ট গাজাভিত্তিক সংবাদমাধ্যম শিহাব-এর অফিসিয়াল পেজ ব্লক করেছে ফেসবুক।

মঙ্গলবার (১৩ জুলাই) কোম্পানির কমিউনিটি মানদণ্ডবিরোধী সহিংসতা প্রচারের অভিযোগ তুলে এই পদক্ষেপ নেয় ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুকের এক মুখপাত্র বলেন, সম্প্রতি পেজটির অ্যাডমিনদের সঙ্গে আমাদের নীতি নিয়ে যোগাযোগ করার পরও শিহাব নিউজ এজেন্সির ফেসবুক বন্ধ করতে হয়েছে বারবার কমিউনিটি গাইড লাইন ভঙ্গের জন্য।

ফেসবুকের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে হামাস। হামাস বলেছে, এটি অন্যায় সিদ্ধান্ত এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর হামলা।

হামাসের মিডিয়ার শাখার প্রধান রাফাত মার্রা বলেন, শিহাব এজেন্সি একটি পেশাদার সংস্থা যা পেশাগত নৈতিকতা ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত মিডিয়া মানদণ্ড মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণেই মিডিয়া জগতে এটি এত মানুষের কাছে পৌঁছাতে পেরেছে।

২০০৭ সাল থেকে কার্যক্রম শুরু করেছে শিহাব নিউজ এজেন্সি। তবে ফেসবুক পেজটি ২০১১ সালে তৈরি করা হয়। এতে প্রায় ৭৫ লাখ ফলোয়ার রয়েছে। এর আগে ২০১৫ সালেও পেজটি ব্লক করেছিল ফেসবুক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ