আফগানিস্তান থেকে দখলদার আমেরিকান সেনা পুরোপুরি প্রত্যাহারের দিন যত এগিয়ে আসছে, ততই ঝড়ের গতিতে একের পর এক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে তালেবান।
আর এ দেখে রীতিমত মনকষ্টে ভুগছেন আফগানিস্তানে হামলাকারী মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জ ডব্লিউ বুশ বলেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভুল। দেশটির নারী ও শিশুরা অবর্ণনীয় কষ্টের মুখে পড়তে যাচ্ছে। তাদেরকে নিষ্ঠুর গোষ্ঠীর শিকার হওয়ার জন্য ছেড়ে দেওয়া হলো। এ সিদ্ধান্ত আমার মন ভেঙে দিচ্ছে।
আফগানিস্তানে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল তালেবান সরকার। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার সদস্যরা চারটি বিমান ছিনতাই করে নিউইয়র্কের টুইন টাওয়ারে আত্মঘাতী হামলা করেন। এই হামলার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ২০০১ সালে আফগানিস্তানে ধ্বংসযজ্ঞ শুরু করেন।
প্রায় ২০ বছর ধরে চলা আফগান যুদ্ধের ইতি টানছে যুক্তরাষ্ট্র। আগামী ১১ সেপ্টেম্বরের আগে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সব সেনা প্রত্যাহার করবে। এ লক্ষ্যে প্রায় সব কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
বিদেশি সেনা চলে যাওয়ার মুখে সম্প্রতি আফগানিস্তানের বিভিন্ন এলাকায় আবারো পূর্ণ নিয়ন্ত্রণে নিচ্ছে তালেবান। গুরুত্বপূর্ণ সীমান্ত-ক্রসিংগুলো তারা নিয়ন্ত্রণে নিচ্ছে।












