spot_img
spot_img

কাশিমপুর কারাগারে জেএমবি সদস্য আসাদুজ্জামানের ফাঁসি কার্যকর

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আসাদুজ্জামান চৌধুরী পনির নামে এক জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টায় কারা কর্তৃপক্ষ তার ফাঁসি কার্যকর করে।

এসময় গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জনের প্রতিনিধি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কারাগার সূত্রে জানা গেছে, জেএমবি সদস্য আসাদুজ্জামান চৌধুরী পনির-এর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার রাধা কানাই গ্রামে। ২০০৫ সালে ৮ ডিসেম্বর নেত্রকোনায় উদীচী কার্যালয়ে বোমা হামলার মামলায় আসাদুজ্জামান চৌধুরী পনিরকে মৃত্যুদণ্ড দেন আদালত। ওই বোমা হামলায় ৮ জন নিহত এবং আহত হয় অন্তত ৪০ জন। এ ঘটনায় জেএমবি সদস্য আসাদুজ্জামান পনির ওরফে আসাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা হয়।

এছাড়াও তার বিরুদ্ধে ২০০৫ সালে নেত্রকোনা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে আরেকটি মামলায় ২০ বছরের কারাদণ্ড, কোতয়ালী থানায় বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় একটিতে ১০ বছর অন্যটিতে ২০ বছরের কারাদণ্ড দেন আদালত।

এর মধ্যে নেত্রকোনা থানায় মামলা নং- ০৮(১২)২০০৫ ধারা-১২০ বি/৩০২/৩৪/১০৯, ঢাকা দ্রুত টাইব্যুনাল আদালত ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেন।

আদালতের আদেশে আইনি প্রক্রিয়া শেষে জেএমবি সদস্য আসাদুজ্জামান পনিরকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ ফাঁসি কার্যকর হয় জল্লাদ শাহজাহানের হাতে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ