মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে আজও দেশের দক্ষিণবঙ্গগামী ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ রয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় যানবাহনে যাত্রীরা ঘাটে উপস্থিত হচ্ছেন। ঘাটে আসা যাত্রীরা ফেরি ও লঞ্চ যোগে পদ্মা পারাপার হচ্ছেন।
এ দিকে দীর্ঘ তিন কিলোমিটার যানজটে নাকাল ঈদে ঘরমুখো যাত্রীরা। প্রত্যেকটি লঞ্চ অতিরিক্ত যাত্রী নিয়ে পারাপার করছে লঞ্চ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার অতিরিক্ত যাত্রী বোঝাই করার কারণে ৫টি লঞ্চকে জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।
এ দিকে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির চাপ বাড়ায় ফেরিতে যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে। এতে ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে হাজারের উপরে ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাক। বাড়তি গাড়ির চাপে ব্যক্তিগত ও গণপরিবহনে আসা যাত্রীদের নদী পারাপারে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়।











