spot_img

ডেঙ্গু সারাদেশে ছড়িয়ে যাওয়ার পর চিরুনি অভিযান জনগণকে হতবাক করছে: ফজলে বারী মাসউদ

ডেঙ্গু নিয়ন্ত্রনে ঢাকা দক্ষিন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রদ্বয় আবারও ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ডেঙ্গু দমনে নেয়া পদক্ষেপগুলোতে জনগণ হতবাক ও বিস্মিত হয়েছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

বুধবার (৪ আগষ্ট ২০২১ইং) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে সরকারের তরফ থেকে যথাসময়ে কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি বলেই ডেঙ্গু আজ ভয়ঙ্কর রুপ ধারণ করেছে। ক্রমেই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রতিদিনই গড়ছে নতুন রেকর্ড। জুলাই মাসে এ বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে। এ ব্যর্থতার দায় ঢাকা সিটি কর্পোরেশনের দুই মেয়র কিছুতেই এড়াতে পারেন না।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য উল্লেখ করে নগর সভাপতি বলেন, সরকারি হিসেবেই এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় চার হাজার ছুঁইছুঁই। এর মধ্যে শুধুমাত্র জুলাই মাসেই আক্রান্ত হয়েছে দুই হাজার ২৮৬ জন। এছাড়া কয়েকদিন ধরে প্রতিদিন প্রায় দুই শতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। যার অধিকাংশই রাজধানীবাসী। বেসরকারি হিসেবে এ সংখ্যা আরও অনেক বেশি। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বেড়েই চলেছে।

তিনি বলেন, সরকারিভাবে ডেঙ্গুতে মৃতের ঘোষণা দেয়া না হলেও অনেক জায়গা থেকেই আমরা ডেঙ্গুতে মৃত্যুর খবর শুনতে পাচ্ছি। আতঙ্ক আর উদ্বেগের পরিস্থিতি কেন হলো, এর দায় কে নেবে?

শেখ ফজলে বারী মাসউদ বলেন, ডেঙ্গু এখন শুধু রাজধানীতেই সীমাবদ্ধ নেই। যা সারাদেশে ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতি তৈরির আগেই যে ব্যবস্থা দরকার ছিলো, সে ব্যবস্থা সরকার নিতে পারেনি।

নগর সভাপতি বলেন, ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর চিরুনি অভিযান কেন? জনগণকে বাঁচাতে সারা বছর করেছেন কি? যেহেতু সরকারের ব্যর্থতার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে সেহেতু এর দায়ভার সরকারকেই বহন করতে হবে। ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য সরকারী ও বেসরকারী হাসপাতালে প্রয়োজনীয় ভর্তুকি প্রদান ও বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অনলাইনে ডেঙ্গু রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ নেয়ার ব্যবস্থা করে দিতে হবে।

এসময় তিনি জনগণের ভোগান্তি থেকে মুক্তি দিতে রাজধানীর দুই মেয়রকে এডিস মশা নিয়ন্ত্রণে যথাযথ ও কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ